দোকানদারদের জন্য সহজ ফ্ল্যাট ট্যাক্স চালুর পরিকল্পনা।

সাধারণ হোটেল, রেস্তোরাঁ আর ক্ষুদ্র দোকানও করের আওতায় আনার পরিকল্পনার কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, এসব দোকানদারদের করের আওতায় আনতে এবং কর কর্মকর্তাদের হয়রানি থেকে বাঁচাতে বছরে একটি সহজ ‘ফ্ল্যাট রেট’ চালুর পরিকল্পনা করা হচ্ছে।
বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে ‘সংকটকালের বাজেট ও জনপ্রত্যাশা’ শিরোনোমে গোলটেবিল আলোচনায় মন্ত্রী এ কথা বলেন বলে অর্থ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে।




রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট দ্রুত দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজধানীর মিরপুরে চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল ও তার সহযোগী স্ত্রীকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে। মূল আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। সম্ভাব্য সংক্ষিপ্ততম সময়ের মধ্যে এ মামলার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করা হবে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশে সংঘটিত প্রতিটি জঘন্য অপরাধের (Heinous Crime) ক্ষেত্রে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিটি ঘটনার আসামিদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনা হয়েছে এবং এর কোনো ব্যত্যয় ঘটেনি।

মন্ত্রী দেশের আইনশৃঙ্খলার উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই ধরনের কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, অপরাধ দমনে পুলিশ ‘প্রো-অ্যাক্টিভ’ (Pro-active) ও ‘রি-অ্যাক্টিভ’ (Re-active) উভয় পদ্ধতিতে কাজ করছে। মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান অভিযানগুলো মূলত ‘প্রো-অ্যাক্টিভ’ বা প্রতিরোধমূলক ব্যবস্থা, যেন অপরাধ সংঘটিত হতে না পারে। আর ধর্ষণ বা হত্যার মতো অনাকাঙ্ক্ষিত অপরাধের ক্ষেত্রে ‘রি-অ্যাক্টিভ’ ব্যবস্থা হিসেবে দ্রুততম সময়ে আসামিদের গ্রেফতার ও তদন্ত সম্পন্ন করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এবং বিচারিক প্রক্রিয়ার বাইরে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন করে তালিকাভুক্ত করে তদন্তের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে অন্যতম কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু হত্যা মামলা। এ মামলার একজন আসামিকে গ্রেফতার করে ডিএনএ ম্যাচিংয়ের প্রক্রিয়া চলমান রয়েছে এবং ইতোমধ্যে আরও একজন আসামিকে শনাক্ত করা গেছে। এছাড়া কুমিল্লায় সংঘবদ্ধ ধর্ষণ, বগুড়ায় তরুণী ধর্ষণ, কাপাসিয়ায় পাঁচ খুন এবং ঢাকার মান্ডায় প্রবাসী হত্যাকাণ্ডের মতো প্রতিটি ঘটনায় জড়িত সকল আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ চিরুনি অভিযান ও ব্লক রেইডের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মে মাসের প্রথম সপ্তাহ থেকে ঢাকার মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও আদাবর এলাকায় নিশ্ছিদ্র তল্লাশি ও ব্লক রেইড চলছে। এছাড়া গত ১৮ ও ১৯ মে যাত্রাবাড়ী ও তেজগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে যথাক্রমে ৪১ জন এবং ৬৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি ও ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম ও উখিয়া-টেকনাফ অঞ্চলেও র‍্যাব-১৫ এর বিশেষ অভিযানে দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতার হয়েছে।

আইন সংস্কার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আইন সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং সময়ের চাহিদা অনুযায়ী সকল আইনকে যুগোপযোগী করা হবে।’

তবে তিনি সতর্ক করে বলেন, কোনো সাময়িক ক্ষোভ মেটাতে গিয়ে আবেগতাড়িত হয়ে চটজলদি আইন প্রণয়ন বা বিশেষ আদালত গঠন করা সমীচীন নয়। দ্রুত বিচার নিশ্চিত করতে গিয়ে যেন কোনো ‘অবিচার’ না হয় বা কঠোর আইনের অপব্যবহার না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। নতুন আদালত বা ট্রাইব্যুনাল সৃষ্টির চেয়ে বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আদালতের সংখ্যা ও সক্ষমতা বৃদ্ধি করা আর্থিক ও প্রশাসনিকভাবে বেশি যৌক্তিক বলে তিনি মন্তব্য করেন।

ভারতের পশ্চিমবঙ্গে ‘সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট’ (সিএএ) কার্যকর এবং পুশব্যাকের বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, ‘এটি সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়। ভারতের ‘সিএএ’ বা আসামের ‘এনআরসি’ তাদের নাগরিকদের জন্য নিজস্ব আইন-কানুন। সেখানে আমাদের কোনো বক্তব্য থাকার অবকাশ নেই। তবে বাংলাদেশের সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে যেন কোনো প্রকার অবৈধ অনুপ্রবেশ (Push-in) না ঘটে।’

বিগত সরকারের সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফিরে আসার গুঞ্জন ও আইনি অবস্থান সম্পর্কে মন্ত্রী বলেন, ‘আমরা তো তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফেরত চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবং বিদ্যমান এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে, যেন তিনি বাংলাদেশে মামলার মুখোমুখি হন।




শিশু রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুরে বিক্ষোভ

স্কুলছাত্রী শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় রাজধানীর মিরপুরে আবারও রাস্তা অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। তারা অভিযুক্তদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর থেকে মিরপুর ১০ গোল চত্বরে জমায়েত হওয়া শুরু করেন বিক্ষোভকারীরা। পরে তারা ধর্ষণে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে রাজধানীর মিরপুর-১০ থেকে ১২ নম্বর পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। তখন ওই সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় রাজধানীর মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকের বাসায় রামিসার বাসায় গিয়ে তার বাবা-মাকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী। তাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। এ সময় আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামসহ বিএনপির স্থানীয় নেতারা।

গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুর-১১ নম্বরের বি ব্লকের একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রাথমিকভাবে জানা যায়, শিশুটিকে ধর্ষণ শেষে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং হত্যার পর মরদেহ গুম করার চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে (২৬) গ্রেপ্তার করেছে।




সিংড়ায় শ্রমিক না পাওয়ায় বিধবার ধান কেটে দিলেন বিএনপি নেতাকর্মীরা

নাটোরের সিংড়ার শেরকোল ইউনিয়নের সিধাখালী গ্রামের সহায় আয়েশা বেওয়া (৬৫) নামের এক বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিলেন শেরকোল ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

রবিবার (১৭ মে) সকালে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীনের নেতৃত্বে ইউনিয়ন বিএনপির কর্মী, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রায় ৩০ জনের একটি দল ওই বিধবার ধান কেটে ঘরে তুলে দেন।
শ্রমিক না পেয়ে সিধাখালী গ্রামের মৃত রওশন আলীর বিধবা স্ত্রী আয়েশা বেওয়া (৬৫) তার ২ বিঘা জমির ধান কাটতে পারছিলেন না। খবর পেয়ে ইউনিয়ন বিএনপি নেতা জয়নাল আবেদীন ওই জমির ধান কেটে দেন।
বিধবা আয়েশা বেওয়া জানান, খুব কষ্টে ২ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি। ধান কাটার কামলা পাচ্ছিলাম না। স্থানীয় বিএনপির কর্মীরা আমার ধান কেটে বাড়িতে পৌছে দিছে। আমি খুশি হয়েছি।
ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জানান, নাটোর-৩ সিংড়া আসনের এমপি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু মহোদয় গতকাল রাতে আমাকে বিষয়টা জানালে আমি নেতাকর্মীদের নিয়ে ধান কাটার উদ্যোগ নেই। এমপির নির্দেশনায় আমরা অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আগামীতে এ ধরনে কাজ অব্যহত থাকবে।




ঈদ যাত্রা নিশ্চিন্ত করার চ্যালেঞ্জ মোকাবিলায় আশাবাদী সড়কমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেড়কোটি মানুষ ও ১ কোটি কোরবানীযোগ্য পশুকে মাত্র ৩দিনে নির্বিঘ্নে, আরামদায়ক ও স্বস্তিতে পরিবহন করা একটি চ্যালেঞ্জ। চ্যালেঞ্জগুলোকে সমাধানের চেষ্টা করবো।

সবাই সহযোগিতা করলে, জনগন সচেতন হলে এবং প্রাকৃতিক দূর্যোগ যদি না হয় তাহলে আশা করা যায় এবার ঈদ যাত্রা নিশ্চিন্ত করতে পারবো।

শুক্রবার কুমিল্লায় বিআরটিএ ট্রাস্টি বোর্ড ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কুমিল্লা জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরন ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। ৪লেনের মহাসড়কে যে পরিমান গাড়ির চাপ তা ১০ লেন হওয়া বাঞ্চনীয়। সে লক্ষে কাজ হচ্ছে। ৮লেন সড়ক ও ২লেন সার্ভিস লেন।

সভায় আরও বক্তব্য রাখেন বক্তব্য রাখবেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। অনুষ্ঠানে কুমিল্লায় দূর্ঘটনায় নিহত ৮৬জনের পরিবারের নিকট ৪কোটি ৩০লাখ টাকা ও আহত ৩৩জনকে ৫৯লাখ টাকার চেক বিতরন করা হয়।