কক্সবাজারে সন্ধানী লাইফের বার্ষিক সম্মেলন

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সম্মেলন ২০২৬ সম্প্রতি কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহার সভাপতিত্বে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মকর্তা ও উন্নয়ন কর্মীরা অংশ নেন।

সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান গোলাম ফাতেমা তাহেরা খানম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মজিবুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন পরিচালক শাফাফ রহমান সাদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক কর্ণেল (অবসরপ্রাপ্ত) ওয়েস হুদা, পরিচালক শাহেদুজ্জামান চৌধুরী (এফসিএ), অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ ইদ্রিস মিয়া তালুকদার এবং সন্ধানী লাইফ হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কর্ণেল (অবসরপ্রাপ্ত) সালেহ আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 




সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ দিতে এসএমই ফাউন্ডেশন ও প্রাইম ব্যাংকের চুক্তি

দেশের শিল্প খাতের উন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে, কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের উদ্যোক্তাদের জন্য ঋণের সহজলভ্যতা নিশ্চিত করতে এসএমই ফাউন্ডেশন এবং প্রাইম ব্যাংক একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর করেছে। সরকারের ৩০০ কোটি টাকার ‘রিভলভিং ফান্ড’-এর আওতায় এবং ক্রেডিট হোলসেলিং নির্দেশিকা অনুসরণ করে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক গতিশীলতা আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

শনিবার (১৮ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি রাজধানী ঢাকায় আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরিতে সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

এই চুক্তির অধীনে, প্রাইম ব্যাংক যোগ্য উদ্যোক্তাদের বার্ষিক সর্বোচ্চ ৮ শতাংশ সুদে স্বল্পমূল্যের ঋণ প্রদান করবে। এই অর্থায়ন সুবিধাটি অত্যন্ত সহজলভ্য করা হয়েছে, যেখানে প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী সর্বনিম্ন ১ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ রয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক চাপ কমাতে এই কর্মসূচিতে সর্বোচ্চ চার বছর পর্যন্ত ঋণ পরিশোধের সময়সীমা রাখা হয়েছে, যার মধ্যে ছয় মাসের একটি গ্রেস পিরিয়ডও অন্তর্ভুক্ত রয়েছে।

আর্থিক অন্তর্ভুক্তি এবং সামাজিক সাম্য নিশ্চিত করাই এই উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য। চুক্তির শর্ত অনুযায়ী, তহবিলের একটি উল্লেখযোগ্য অংশ নারী উদ্যোক্তা এবং নির্দিষ্ট শিল্প ক্লাস্টারে কর্মরত উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এছাড়াও আইসিটি খাতের তরুণ উদ্ভাবক, আমদানি-বিকল্প পণ্য উৎপাদনকারী এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ বা সুবিধাবঞ্চিত অঞ্চলের উদ্যোক্তাদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিক জামানত বা স্থাবর সম্পত্তির বাধ্যবাধকতা না থাকায়, যাদের পর্যাপ্ত সম্পদ নেই তারাও নিজেদের ব্যবসা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করতে পারবেন।

উভয় প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্ব জাতীয় অর্থনীতিতে এই তহবিলের প্রভাব নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। কেবল ঋণ প্রদানের মধ্যেই এই কর্মসূচি সীমাবদ্ধ নয়; এটি পরিবেশবান্ধব প্রযুক্তি উৎসাহিত করার মাধ্যমে টেকসই শিল্পায়ন এবং বিদেশ ফেরত অভিবাসীদের উৎপাদনশীল কর্মসংস্থানে যুক্ত করার লক্ষ্যও রাখে। এম. নাজিম এ. চৌধুরী এবং আনোয়ার হোসেন চৌধুরী জোর দিয়ে বলেন যে, এই কৌশলগত অংশীদারিত্ব কেবল কর্মসংস্থানই সৃষ্টি করবে না, বরং বাংলাদেশের সিএমএসএমই খাতের সামগ্রিক সক্ষমতাকেও আরও শক্তিশালী করবে।




বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে বিজিএমইএ-এর শোক

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর সভাপতি জনাব মাহমুদ হাসান খান।

শনিবার (১৮ এপ্রিল) এক শোকবার্তায় বিজিএমইএ সভাপতি বলেন, মরহুম মাহবুবুর রহমান ছিলেন একজন অত্যন্ত মেধাবী, কর্মনিষ্ঠ ও দূরদর্শী রাষ্ট্রীয় কর্মকর্তা। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ও প্রতিকূলতা নিরসনে তার অবদান অনস্বীকার্য।

তিনি বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি প্রণয়নে মাহবুবুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) বিষয়ক আলোচনা এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বহুপাক্ষিক সম্মেলনসমূহে বাংলাদেশের স্বার্থ রক্ষায় তার প্রজ্ঞা ও বলিষ্ঠ নেতৃত্ব অত্যন্ত প্রশংসনীয়।

বিজিএমইএ সভাপতি উল্লেখ করেন, আন্তর্জাতিক বাজারে শুল্কমুক্ত সুবিধা বজায় রাখতে তার দক্ষ দরকষাকষি দেশের রপ্তানি বাণিজ্যের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং পোশাক শিল্পের জন্য এক গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে বিবেচিত হবে।

বিজিএমইএ মনে করে, তার এই অকাল প্রয়াণে দেশ একজন নিবেদিতপ্রাণ ও দেশপ্রেমিক কর্মকর্তাকে হারালো, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

সংগঠনটি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।




এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার পরিচালনা নীতিমালায় বড় পরিবর্তন এনেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। পরীক্ষার্থী বহিষ্কারের ক্ষেত্রে বহুল আলোচিত ‘সাইলেন্ট এক্সপেল’ বা নীরব বহিষ্কার সংক্রান্ত অনুচ্ছেদ ২৯ বাতিল করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের অনুচ্ছেদ ২৯ অনুযায়ী কোনো পরীক্ষার্থীকে প্রকাশ্যে বহিষ্কার করলে আইনশৃঙ্খলার অবনতি বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলে ‘নীরব বহিষ্কার’ করা যেত।

একই সঙ্গে পরীক্ষা শেষে সংশ্লিষ্ট কক্ষ পরিদর্শকের সুস্পষ্ট বিবরণসহ গোপনীয় প্রতিবেদন প্রস্তুত করে উত্তরপত্র আলাদা প্যাকেটে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠানোর নির্দেশনা ছিল। এক্ষেত্রে উত্তরপত্রের ওএমআর শিটের প্রথম অংশ আলাদা না করার বিষয়টিও উল্লেখ ছিল।

বিজ্ঞাপন

তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওই অনুচ্ছেদটি সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। ফলে এসএসসি পরীক্ষা ২০২৬ থেকে এই বিধান আর কার্যকর থাকবে না।

চেয়ারম্যানের আদেশক্রমে এ সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তির অনুলিপি ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।




হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বিগত সরকার: প্রধানমন্ত্রী

বিগত দুটি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমানে টিকা দিয়ে হামের প্রকোপ কিছুটা রোধ করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) নিয়ে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যখাতে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার। এরই ধারাবাহিকতায় স্বাস্থ্যখাতে ক্রমান্বয়ে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ করা হবে। সারা দেশে একলাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যাদের ৮০ শতাংশই হবে নারী।’

তারেক রহমান আরও বলেন, বর্তমান চিকিৎসা ব্যবস্থার বেশিরভাগ রাজধানীকেন্দ্রিক। বিশেষজ্ঞ চিকিৎসকদের জেলা-উপজেলা পর্যায়ে সেবা প্রদান নিশ্চিতে চিকিৎসার বিকেন্দ্রীকরণ করবে সরকার।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত জরুরি সেবা ক্যাটাগরিতে মনোনীত ছয়জন চিকিৎসককে ক্রেস্ট প্রদান করেন প্রধানমন্ত্রী।