জুলাই-জানুয়ারিতে এডিপি বাস্তবায়ন ২১ শতাংশ

অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনকালে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদায় প্রকল্প অনুমোদন দিলেও বাস্তবায়নে অগ্রগতি আনতে পারেনি পরিকল্পনা কমিশন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জুলাই থেকে জানুয়ারি মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। এতে দেখা যায়, এ সাত মাসে এডিপি হার মাত্র ২১ দশমিক ১৮ শতাংশ। যা গত ৯ বছরের মধ্যে সর্বনিম্ন।

আইএমইডির তথ্যমতে, দেশের রাজনৈতিক পটপরিবর্তন, সরকার পতন, প্রশাসনের স্থবিরতার পরও ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাসে সরকারের বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয় প্রায় ৫৯ হাজার ৮৭৬ কোটি ৮৭ লাখ ব্যয় করে। যা মোট বরাদ্দের ২১ দশমিক ৫২ শতাংশ। তবে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম এ হার আরো কমেছে। সাত মাসে এডিপি বাস্তবায়নে ব্যয় হয়েছে ৫০ হাজার ৫৫৬ কোটি টাকা। যা মোট বরাদ্দের মাত্র ২১ দশমিক ১৮ শতাংশ। অথচ ২০১৬-১৭ অর্থবছরের একই সময়ে এডিপির অর্থ ব্যয় হয়েছিল ৩৯ হাজার ৯৭৩ কোটি টাকা। চলতি অর্থবছরে এডিপি বরাদ্দ প্রায় ২ লাখ ৩৮ হাজার ৬৯৬ কোটি টাকা।

আইএমইডির তথ্যমতে, বিগত বছরগুলোতেও বাস্তবায়নের হার বর্তমানের চেয়ে সন্তোষজনক ছিল। সর্বশেষ পাঁচ বছরে এ সময়ে (জুলাই-জানুয়ারি) এত কম এডিপি বাস্তবায়ন হয়নি। এর মধ্যে ২০২১-২২ অর্থবছরে ৩০ দশমিক ২১ শতাংশ, ২০২২-২৩ অর্থবছরে ২৮ দশমিক ১৬ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম সাত মাসে এডিপি বাস্তবায়নের হার ছিল ২৭ দশমিক ১১ শতাংশ, ২০২২-২৩ অর্থবছরে ছিল ২৮ দশমিক ১৬ শতাংশ এবং ২০২১-২২ অর্থবছরে এ হার ছিল ৩০ দশমিক ২১ শতাংশ।




রমজানে যানজট নিরসনে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা ডিএমপির

আসন্ন রমজান উপলক্ষে যানজট নিরসনে ঢাকা মহানগরীর বিপণি-বিতান ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় সভা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।

সভায় ঢাকা মহানগর এলাকার বিপণি-বিতান, শপিংমলগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

বিপণি-বিতান ও ব্যবসায়ী প্রতিনিধিদের উদ্দেশে ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার আনিছুর রহমান বলেন, আসন্ন রমজানে যানজট নিরসনের জন্য অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে। রমজানে যেন সড়কে যানজট সৃষ্টি না হয় ও পথচারী চলাচলের রাস্তা ফুটপাত ব্যবহার করে মানুষ যেন অনায়াসে চলাফেরা করতে পারে সেজন্য পুলিশের পাশাপাশি আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রতিটি শপিংমলের সামনে এবং আশপাশে স্বেচ্ছাসেবক মোতায়েনের ব্যবস্থা করতে হবে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার বলেন, ঢাকা শহরের অন্যতম সমস্যা হচ্ছে যানজট। রমজানে যানজট নিরসনে ডিএমপির ট্রাফিক বিভাগ ও ক্রাইম বিভাগের পুলিশ সদস্যদের পাশাপাশি অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে। সবাইকে ট্রাফিক আইন মেনে চলার জন্য অনুরোধ করেন তিনি। সবার আন্তরিক সহযোগিতায় রমজান সুন্দরভাবে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রমজানে নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বয় সভায় বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা মতামত দেন।

সমন্বয় সভায় বিপণি-বিতান ও ব্যবসায়ী প্রতিনিধিসহ ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন‍্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এনসিপির পক্ষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন।

এসময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, এনসিপির এই সনদে স্বাক্ষর করবে বলেই জাতির বিশ্বাস ছিল, আজকে সেই বিশ্বাস পূর্ণতা পেলো, জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেলো। এনসিপিকে ধন্যবাদ এই মহতি কাজে অংশগ্রহণের জন্য।

তিনি বলেন, এই দলিল যেন নতুন বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে গড়তে প্রতিটি পদে পদক্ষেপ রাখে তার জন‍্য প্রতি মুহূর্তে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, আগামীকাল নতুন সংসদের সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। সবার সামনের দিনগুলো শুভ হোক।

নাহিদ ইসলাম বলেন, আমাদের দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল শপথ গ্রহণ করবেন। আমরা একইসঙ্গে দুটো শপথ গ্রহণ করতে যাচ্ছি। আমাদের ওপর দেশের মানুষ যে আস্থা রেখেছে আমরা তা বাস্তবায়ন করবো।

তিনি বলেন, জুলাই সনদে সবার শেষ স্বাক্ষর করলেও এই সনদ বাস্তবায়নের জন‍্য আমরা ছিলাম সর্বোচ্চ তৎপর।

এনসিপির প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে ছিলেন মনিরা শারমিন, সারওয়ার তুষার, জাভেদ রাসিন ও জহিরুল ইসলাম।




শিক্ষাপ্রতিষ্ঠানে যে কোনো অনিয়মে দায়ী হবেন সভাপতি ও প্রতিষ্ঠানপ্রধান

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা নিশ্চিত এবং জবাবদিহি জোরদারের জন্য নতুন ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

নীতিমালায় বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের যাবতীয় আয়-ব্যয়ের ক্ষেত্রে প্রচলিত সরকারি আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণপূর্বক আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের যৌথস্বাক্ষরে শিক্ষাপ্রতিষ্ঠানের হিসাব পরিচালিত হবে।

তহবিলের আয়-ব্যয়ের হিসাব প্রচলিত আইন ও বিধি মোতাবেক প্রতিষ্ঠান প্রধানকে সংরক্ষণ করতে হবে। পরিচালনা কমিটির মাধ্যমে কোনো ধরনের আর্থিক অনিয়ম-দুর্নীতি হলে সংশ্লিষ্ট ব্যক্তি-ব্যক্তিরা দায়বদ্ধ থাকবে এবং তার/তাদের বিরুদ্ধে প্রচলিত বিধি-বিধান অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

 

প্রতিষ্ঠানের যে কোনো ধরনের আর্থিক অনিয়ম-দুর্নীতির জন্য দায়িত্বরত অবস্থায় অথবা দায়িত্বের বাইরে যে অবস্থায় থাকেন না কেন, দায়িত্বপালনকারী সময়ের সব ধরনের আর্থিক ও অন্যান্য অনিয়ম-দুর্নীতির জন্য পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান যৌথভাবে দায়ী থাকবেন।
জাগোনিউজের খবর পেতে ফলো করুন

যে কোনো অনিয়ম-দুর্নীতির জন্য তার বা তাদের বিরুদ্ধে প্রচলিত বিধিবিধান অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিষ্ঠানের যে কোনো ধরনের আর্থিক অনিয়মের জন্য পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান যৌথভাবে দায়ী থাকবেন।




কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভা স্থগিত চেয়েছে কর্মকর্তারা

নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলমান অবস্থার মধ্যে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদন বিষয়ক কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভা স্থগিত চেয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। সংগঠনটির নেতারা মনে করছেন, এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আরও সময় নিয়ে বিষয়টি পর্যালোচনা করা প্রয়োজন।

আজ (সোমবার) আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাউন্সিল নেতারা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি এ কে এম মাসুম বিল্লাহ ও সংগঠনটির সভাপতি এ কে এম মাসুম বিল্লাহসহ বিভিন্ন বিভিন্ন কর্মকর্তারা।

কর্মকর্তারা জানান, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যখন নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ ও সরকার গঠনের প্রক্রিয়া চলছে, ঠিক সেই সময় অল্প নোটিশে ১৬ ফেব্রুয়ারি একটি জরুরি পর্ষদ সভা আহ্বান করা হয়েছে। তারা দাবি করেন, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদানের বিষয়টি ওই সভার আলোচ্যসূচিতে রয়েছে, যা আরও বিস্তৃত ও স্বচ্ছ আলোচনার দাবি রাখে।

সংবাদ সম্মেলনে সম্ভাব্য স্বার্থের সংঘাতের বিষয়টিও গুরুত্বসহকারে তুলে ধরা হয়। কাউন্সিল নেতারা বলেন, লাইসেন্স প্রদানের প্রক্রিয়ায় নিরপেক্ষতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে কোনো ধরনের প্রশ্ন বা বিতর্কের অবকাশ থাকা উচিত নয়। একই সঙ্গে নীতিনির্ধারণী পর্যায়ে ব্যক্তিগত পরিচয় বা প্রভাবের বিষয় থাকলে তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলেও তারা মত দেন।

তারা আরও উল্লেখ করেন, ব্যাংক কোম্পানি আইন ও বিদ্যমান বিধান অনুযায়ী মালিকানা কাঠামো ও শেয়ার ধারণ সংক্রান্ত বিষয়গুলো যথাযথভাবে পর্যালোচনা করা প্রয়োজন। রাজনৈতিক অন্তর্বর্তী সময়ে বড় ধরনের নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত বলেও তারা মনে করেন।

কাউন্সিলের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৬১টি তফসিলি ব্যাংক ও বহু আর্থিক প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে খেলাপি ঋণের উচ্চহার এবং কিছু ব্যাংকের তারল্যসংকটের বিষয়টি বিবেচনায় রেখে নতুন ডিজিটাল ব্যাংক অনুমোদনের আগে এর প্রয়োজনীয়তা, সম্ভাব্য প্রভাব ও ঝুঁকি গভীরভাবে মূল্যায়নের আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে কাউন্সিলের পক্ষ থেকে ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রদানের প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখা, ১৬ ফেব্রুয়ারির জরুরি পর্ষদ সভা পুনর্বিবেচনা ও নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানানো হয়।

তারা বলেন, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা ও আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য, এবং স্বচ্ছ ও অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াই এ ক্ষেত্রে আস্থা আরও সুদৃঢ় করতে পারে।




রমজানে পুঁজিবাজারে লেনদেন হবে পৌনে ৪ ঘণ্টা

আসন্ন পবিত্র রমজান মাসে দেশের পুঁজিবাজারে লেনদেনের সময় প্রায় ১ ঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, রমজান মাসে ডিএসইতে লেনদেন শুরু হবে সকাল ১০ থেকে, চলবে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। বর্তমানে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন হয়। রোজার পর ঈদের ছুটি শেষে আবার এই সময় অনুযায়ী লেনদেন হবে।

রমজানে লেনদেনের সময়সূচির বিষয়ে ডিএসই জানায়, শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত লেনদেন হবে। আর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে।

পোস্ট ক্লোজিং সেশনে নতুন দাম প্রস্তাব করা যাবে না। তবে দিনের ক্লোজিং দামে বিনিয়োগকারীরা শেয়ার ও ইউনিট ক্রয় বা বিক্রয় করতে পারবেন।

এদিকে, রমজান মাসে ডিএসইর অফিসিয়াল কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।