মধুপুরে মনসাপূজা ও বেহুলা গান উৎসব অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের শালিকা গ্রামে অনুষ্ঠিত হয়েছে দুদিনব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী বেহুলা গান উৎসব এবং শ্রী শ্রী মনসাদেবী ও অষ্টনাগ পূজা। প্রয়াত ওস্তাদ নুরুল আমিন আকন্দের স্মরণে গত ১৭ ও ১৮ আগস্ট শালিকা বাজারের খালেক প্রি-ক্যাডেট স্কুল মাঠে এ উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের পরিচালক শ্রী শ্যামল চন্দ্র সরকার জানান, প্রয়াত ওঝা নুরুল আমিন ফকির তাঁর জীবদ্দশায় প্রতিবছর বাংলা সনের শ্রাবণ মাসের শেষ দিন নিজ বাড়িতে বেহুলা গানের আসর জমাতেন এবং আমৃত্যু মানবসেবা করে গেছেন। ২০১৭ সালের ১লা জুন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সে সময় গ্রামের হিন্দু-মুসলিম সকলে মিলে তাঁর অন্তিম যাত্রায় শরিক হয়েছিলেন। মৃত্যুর আগে তিনি তাঁর ছোট ছেলে রুহুল আমিনকে এসবের অনেক কিছু শিখিয়ে যান। এরপর থেকে বাবার দেখানো পথে ছেলে রুহুল আমিন প্রতিবছর শ্রাবণ মাসের শেষদিন এই বেহুলা গানের আয়োজন করে আসছেন এবং মনসার ডালা ভাসাচ্ছেন।

বাবার সেই ঐতিহ্য ধরে রাখতেই রুহুল আমিন আকন্দের উদ্যোগে এবারের এই বড় আয়োজন, যেখানে আশপাশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার দর্শনার্থীর সমাগম ঘটে। এ বিষয়ে আয়োজক রুহুল আমিন আকন্দ বলেন, “এ অনুষ্ঠান আমার রক্তের সঙ্গে মিশে আছে। আমার বাবা প্রয়াত ওস্তাদ নুরুল আমিন আকন্দ এ এলাকার বেহুলা গানের ওস্তাদ ছিলেন, সবাই তাঁকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। বাবার মৃত্যুর পর তাঁর স্মৃতি ধরে রাখা এবং এ অঞ্চলের লোকজ সংস্কৃতি টিকিয়ে রাখতে সবার সহযোগিতায় আমি এ আয়োজন করে আসছি।”

অনুষ্ঠানের সভাপতি ডাঃ মোঃ হাফিজ উদ্দিন দলগত ঐক্যের কথা উল্লেখ করে বলেন, “ঘাটাইল উপজেলার রসুলপুর ঢলুয়াপাড়া, গর্জনাপাড়া ও গড়ানচালা এবং মধুপুরের শালিকা গ্রাম মিলে আমাদের এই দল। আমাদের এই ঐক্যের কারণেই আমরা অনেক বছর ধরে অনুষ্ঠানটি সফলভাবে করে আসছি। এটি মূলত গ্রামীণ চিকিৎসা পদ্ধতি ও ঐতিহ্য।”

এলাকাবাসীরা জানান, বেহুলা গান পরিবেশনের পাশাপাশি উৎসবের শেষ পর্বে ঐতিহ্যবাহী পদ্ধতিতে সাপে কাটা ও বিভিন্ন বিষে আক্রান্ত রোগীর চিকিৎসার ব্যবস্থাও করা হয়।

দীর্ঘদিন ধরে চলে আসা এই আয়োজন এখন স্থানীয়দের কাছে অন্যতম একটি বড় উৎসবে পরিণত হয়েছে। স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজনের মাধ্যমে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক দারুণ সুযোগ তৈরি হচ্ছে।




ভক্তদের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন

বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। নিজের ব্লগের পাশাপাশি এক্স হ্যান্ডেলেও নিয়মিত নানা বিষয়ে পোস্ট করেন বর্ষীয়ান এই অভিনেতা। তবে সম্প্রতি একটি পোস্টে ধারাবাহিক নম্বর লেখার ক্ষেত্রে সামান্য ভুল করে অনুরাগীদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

প্রতিদিনের এক্স পোস্টের শুরুতে ধারাবাহিকভাবে একটি নম্বর ব্যবহার করেন অমিতাভ। সম্প্রতি সেই নম্বর দিতে গিয়েই ভুল করে ফেলেন তিনি। বিষয়টি অনুরাগীদের নজরে আসার পর নিজের ভুল বুঝতে পারেন অভিনেতা। পরে একটি পোস্টের মাধ্যমে এ জন্য দুঃখ প্রকাশ করেন অমিতাভ।

পোস্টে তিনি লেখেন, ‘টি ৫৮২০। নম্বর দেওয়ার ক্ষেত্রে আমার বড় ভুল হয়েছে। আমি ক্ষমাপ্রার্থী। ৫৮১৭-এর পর ৫৮১৮, ৫৮১৯, ৫৮২০ হওয়া উচিত ছিল।’

একই পোস্টে ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য সুনীল নামের এক নেটিজেনকে ধন্যবাদ জানান অমিতাভ। তবে প্রিয় তারকার এই সামান্য ভুল নিয়েও মজা করতে ছাড়েননি অনুরাগীরা।

মন্তব্যের ঘরে এক নেটিজেন রসিকতা করে লেখেন, ‘ভুল স্বীকার করেছেন দেখে ভালো লাগছে। তা না হলে এই নম্বর ফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরে যাওয়ার পরিকল্পনা করেছিলাম।’

অন্য এক নেটিজেন ভুলটি ধরিয়ে দেওয়া সুনীলকে নিয়ে মজা করে লেখেন, ‘এই ভালো কাজের জন্য সুনীলের অবদান মানবজাতি চিরকাল মনে রাখবে।’ আরেকজন মন্তব্য করেন, অমিতাভের অনুরাগীদের পক্ষ থেকে সুনীলের একটি পদক পাওয়া উচিত।

সামান্য একটি সংখ্যার ভুল হলেও অমিতাভ যেভাবে নিজে থেকেই তা স্বীকার করে ক্ষমা চেয়েছেন, সেটিই এখন অনুরাগীদের আলোচনার বিষয়। তার সরল স্বীকারোক্তি এবং রসবোধও প্রশংসা কুড়িয়েছে নেটদুনিয়ায়।

এদিকে কাজের ব্যস্ততায় সময় কাটছে অমিতাভ বচ্চনের। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। পাশাপাশি আগামী দিনে তাকে দেখা যাবে ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েলেও।




সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ

অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতীক্ষিত কমেডি চলচ্চিত্র ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ আগামী ২৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। তারকাবহুল কাস্টের কারণে ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহও তুঙ্গে। তবে মুক্তির আগে সালমান খানের সম্ভাব্য ক্যামিও নিয়ে যে জোর গুঞ্জন ছড়িয়েছিল, তা শেষ পর্যন্ত সত্যি হচ্ছে না।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটিতে সালমান খানের কোনো বিশেষ উপস্থিতি বা ক্যামিও চরিত্র নেই। বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র।

সূত্রটির দাবি, সালমান খান বর্তমানে একাধিক পূর্বনির্ধারিত শুটিং ও পেশাগত কাজে ব্যস্ত সময় পার করছেন। ফলে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর সঙ্গে তার যুক্ত হওয়ার কোনো সুযোগ হয়নি।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, “সালমান এই মুহূর্তে নিজের বিভিন্ন প্রকল্প নিয়ে ব্যস্ত। ছবিতে তার উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে আলোচনা চলছে, তার কোনো ভিত্তি নেই।”

মূলত অভিনেতা ও জনপ্রিয় কমেডিয়ান কৃষ্ণা অভিষেকের একটি মন্তব্যকে কেন্দ্র করেই এই জল্পনার সূত্রপাত। সম্প্রতি ‘লাফটার শেফস’ অনুষ্ঠানের সেটে পাপারাজ্জিদের এক প্রশ্নের জবাবে কৃষ্ণা রহস্যময় ভঙ্গিতে ইঙ্গিত দেন যে, ছবিতে দর্শকদের জন্য বড় কোনো চমক অপেক্ষা করছে।

এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, সেই চমক হতে পারেন সালমান খান। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, ছবিতে ‘ভাইজান’-এর কোনো ক্যামিও থাকছে না।

তবে ক্যামিও না থাকলেও বিশাল তারকাবহুল এই কমেডি সিনেমা ঘিরে দর্শকদের আগ্রহে ভাটা পড়েনি। মুক্তির অপেক্ষায় এখন ভক্তরা।




পুলিশের পর সাংবাদিক হয়ে ফিরছেন অপূর্ব

বছর দুয়েক আগে ওটিটিতে দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে। শিহাব শাহীনের ‘গোলাম মামুন’ সিরিজের নাম ভূমিকায় পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন। দুই বছর পর ওটিটিতে ফিরছেন অভিনেতা। এবার তিনি সাংবাদিক। সিরিজের নাম ‘হেডলাইন’। বানিয়েছেন সালেহ সোবহান অনীম।

২৫ জুন হইচইতে মুক্তি পাবে সিরিজটি। এ উপলক্ষে প্রকাশিত হয়েছে ট্রেলার। তাতে আঁচ করা যায়, সাংবাদিকতার চ্যালেঞ্জ, সিস্টেমের ভেতরে ঘাপটি মেরে থাকা অনিয়ম ও দুর্নীতির নানা দিক উঠে আসবে এতে। সেই সঙ্গে পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত সংকট ও মানবিক টানাপোড়েনও থাকবে সমান্তরালে।

৮ পর্বের এ সিরিজে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহান, আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, শ্যামল মাওলা, রাই রাজন্যা, অর্নিল বিরল, মনিরুল ইসলাম রুবেল, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু, সাহানা রহমান সুমি, আরিফিন জিলানী জাহাঙ্গীর আলমসহ অনেক।

‘হেডলাইন’-এ সাংবাদিক জহির চরিত্রে আছেন অপূর্ব। তিনি বলেন, ‘জহির চরিত্রটার একটা দারুণ গ্রাফ আছে। গল্পের বিভিন্ন পর্যায়ে তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায়। কখনো সে খুবই আবেগপ্রবণ, আবার কখনো বাস্তবতার কঠিন মুখোমুখি দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। একজন অভিনেতা হিসেবে এই ধরনের বহুস্তরীয় চরিত্র সবসময়ই আমাকে আকৃষ্ট করে।’

সিরিজটির মাধ্যমে তিন বছর পর আবারও ওটিটিতে প্রত্যাবর্তন করছেন আফসান আরা বিন্দু। তিনিও ভীষণ অপেক্ষায় আছেন সিরিজটি নিয়ে দর্শকের প্রতিক্রিয়া দেখার।

অন্যদিকে ইয়াশ রোহানের মন্তব্য এমন, ‘চরিত্রটার জন্য আমি পুরো ক্যারিয়ারজুড়েই অপেক্ষা করেছি। সামিউল এমন একটা চরিত্র যেখানে অভিনয় করতে গিয়ে আমি ইয়াশ থাকিনি, হয়ে উঠেছিলাম সামিউল। এই চরিত্রটির জন্য আমি হার্ট অ্যান্ড সোল দিয়েছি। আশা করি, দর্শকরা সামিউলের গল্প ও অনুভূতির সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারবেন।’




ঘরে ঝুলছিল অভিনেত্রীর দেহ, হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু

‘কুমকুম ভাগ্য’ ও ‘ওয়াগলে কি দুনিয়া’খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে মারা গেছেন। সোমবার ভারতের মুম্বাইয়ের নালাসোপাড়া নিজ বাসভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার বয়স হয়েছিল মাত্র ২২ বছর। প্রাথমিকভাবে পুলিশ বলছে, অভিনেত্রী সঞ্চিতা আত্মহত্যা করেছেন।

আচোলে থানার সহকারী পুলিশ পরিদর্শক বিনোদ বাঘ ভারতীয় গণমাধ্যমকে জানান, সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে নিজের শোবার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন সঞ্চিতা। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সঞ্চিতা মৃত ঘোষণা করেন। তবে কী কারণে এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত সম্পন্ন করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়। অভিনেত্রীর বাবা মচ্ছিন্দ্র উগালের অভিযোগের ভিত্তিতে ১৫ জুন ‘অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট’ (এডিআর) নথিভুক্ত করেছে পুলিশ।

অল্প সময়েই টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মে নিজের অবস্থান তৈরি করেছিলেন সঞ্চিতা উগালে। ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকে দিয়া ট্যান্ডন চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের নজর কাড়েন। এ ছাড়া ‘ওয়াগলে কি দুনিয়া’তে রুচিতা চরিত্রেও অভিনয় করেছিলেন তিনি।

ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন সঞ্চিতা। ‘ছাবা’ সিনেমায় ভিকি কৌশলের অভিনীত চরিত্রের সঙ্গে যুক্ত তারা রানির কনিষ্ঠ বয়সের ভূমিকায় অভিনয় করেন তিনি।




জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই জেলার রাশেদ বলী। তার দু’জনই গত আসরের চ্যাম্পিয়ন-রানারআপ ছিলেন। এবারের আসরের তৃতীয় হয়েছেন সার্জের দিপু।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে শুরু হওয়া মূল প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেন প্রায় ১০৮ জন বলী। প্রতিটি লড়াই ছিল টানটান উত্তেজনায় ভরা। একের পর এক শক্ত প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে শেষ পর্যন্ত সবার নজর কাড়েন বাঘা শরীফ ও রাশেদ বলী। দীর্ঘ ৩০ মিনিটের লড়াই শেষে চ্যাম্পিয়নের মুকুট ধরে রাখেন বাঘা শরীফ।

বলী খেলা উপলক্ষ্যে লালদীঘি মাঠজুড়ে হাজারো দর্শকের উপস্থিতি পুরো আয়োজনকে পরিণত করে এক উৎসবমুখর পরিবেশে।

ফাইনাল ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। অভিজ্ঞতায় এগিয়ে থাকা বাঘা শরীফ কি শিরোপা ধরে রাখবেন, নাকি গতবারের হার শোধ করে চ্যাম্পিয়ন হবেন রাশেদ বলী– সেই অপেক্ষায় ছিল সবাই। তবে শেষ পর্যন্ত গতবারের মতোই থাকলো ফলাফল।

উল্লেখ্য, ঐতিহাসিকভাবে এই বলীখেলার সূচনা হয় ১৯০৯ সালে। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে চট্টগ্রামের ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর তরুণদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং তাদের সংগঠিত করার উদ্দেশ্যে এই প্রতিযোগিতার প্রচলন করেন। সময়ের সঙ্গে সঙ্গে এটি একটি জনপ্রিয় লোকজ উৎসবে পরিণত হয় এবং আজও সেই ঐতিহ্য বহন করে চলছে।




গুলতেকিনের পর এবার হুমায়ূনকে নিয়ে শাওনের পোস্ট

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের আত্মজীবনীমূলক বই ‘নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ’-এর একটি মর্মস্পর্শী অংশ নিজের ফেসবুকে প্রকাশ করেছেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন। নিউইয়র্কে থাকা অবস্থায় ক্যানসারের চিকিৎসার যন্ত্রণা ভোলার জন্য এই বইটা লেখেন। যেখানে উঠে এসেছে মানসিক অসুস্থতা ও বিকৃত মানসিকতার মানুষের নির্মমতার দিক।

রোববার (৫ অক্টোবর) নিজের ফেসবুকে শাওন তুলে ধরেছেন কীভাবে স্বামীর (হুমায়ূন আহমেদ) অসুস্থতার সময় ফেসবুকে বিদ্রুপ মন্তব্য করেছিল। এক ব্যক্তি লিখেছিলেন, ‘তোমার উচিত শিক্ষা হয়েছে। আমি খুশি হয়েছি আল্লাহ তোমার স্বামীকে ক্যানসার দিয়ে শিক্ষা দিলেন।’

একদিন লক্ষ করলাম, সে (শাওন) ঝিম ধরে কম্পিউটারের ফেসবুকের পাতার দিকে তাকিয়ে আছে। তার চোখের পাতায় অশ্রুবিন্দু। আমি বললাম, সমস্যা কী? কেয়ারগিভার বলল, কোনো সমস্যা না। সামান্য মন খারাপ। কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আমি বললাম, আমাকে বলো, দেখি, মন খারাপ কাটানোর চেষ্টা করতে পারি কি না। তোমাকে বলব না। তোমার মন খারাপ হবে। আমি বললাম, ‘সহজে মন খারাপ হবে, এমন মানুষ আমি না’। বুঝতে পারছি, ফেসবুকে পাঠানো কারও কমেন্ট পড়ে তুমি হতাশ হয়েছ। কী লিখেছে?

শাওন পড়ে শোনাল। কেউ একজন লিখেছে, তোমার উচিত শিক্ষা হয়েছে। আমি খুশি যে তোমার স্বামীকে ক্যানসার দিয়ে আল্লাহ তোমাকে শিক্ষা দিলেন। এই শিক্ষা তোমার আরও আগেই হওয়া উচিত ছিল। শাওনের মেয়ে লীলাবতী যখন মারা গেল, তখনও সে এ ধরনের চিঠিপত্র পেত। লেখা থাকত, ‘তোমার কঠিন শাস্তি হওয়ায় আমরা খুশি। আরও শাস্তি হবে’। এই ধরনের কথা।

তির্যক মন্তব্য দেখে শাওন ভেঙে পড়লেও, লেখক তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলেন, “আমি শাওনকে বললাম, ‘পৃথিবীতে মানসিক অসুস্থ অনেক মানুষ। তাদের নিয়ে চিন্তার কিছু নেই। আমরা ভাবব সুস্থ মানুষদের কথা। তোমার ফেসবুকে শত শত মানুষ কত চমৎকার সব কথা লিখছে। লিখছে না? -হ্যাঁ। এর মধ্যে একজনের কথা চিন্তা করো। সে চলে গেছে মক্কায়, কাবা শরিফে। সেখান থেকে তোমাকে জানিয়েছে, ‘আমি স্যারের জন্য দোয়া করতে এসেছি। শাওন আপু, আপনি একটুও চিন্তা করবেন না। এর পরও কি মন খারাপ করা তোমার উচিত’? শাওন বলল, না, উচিত না। তাহলে মিষ্টি করে একটু হাসো। হাসতে পারব না। বলেও সে হাসল।”

সবশেষে হুমায়ূন আহমেদ তার নিজের জীবনেও এক বিকৃত মানসিকতার যুবকের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেছেন। তিনি ‘নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ’ বইয়ে লিখেছেন, ‘আমাদের আশপাশে বিকৃত মানসিকতার মানুষের সংখ্যা কি বাড়ছে? মনে হয় বাড়ছে। একজনের কথা বলি, সে আমার সঙ্গে দেখা করার জন্য হাস্যকর কাণ্ডকারখানা শুরু করল। একটা পর্যায়ে গেটের সামনে স্ট্রাইক করার মতো অবস্থা। মহা বিরক্ত হয়ে তাকে আসতে বললাম। ২৩-২৪ বছরের যুবক। কঠিন চোখমুখ। আমি বললাম, এখন বলো, ‘আমার সঙ্গে কথা বলার জন্য এত ব্যস্ত হয়েছ কেন? বিশেষ কিছু কি বলতে চাও?’-চাই। তাহলে বলে ফেলো। সেই যুবক তাকে সরাসরি বলেছিলেন, ‘আপনার লেখা আমার জঘন্য লাগে’।

যুবকের কথা শুনে হুমায়ূন আহমেদ বলেন, “এই কথাটা বলার জন্য এত ঝামেলা করেছ?’ -হ্যাঁ! কারণ সরাসরি এই কথা আপনাকে বলার কারোর সাহস নাই। সবাই আপনার চামচা। হুমায়ূন আহমেদ বললেন, আরও কিছু কি বলবে? ছেলেটা তখন জবাবে বলেন, ‘হ্যাঁ’। বলে ফেলো। সে ইংরেজিতে বলল, ‘আই ওয়ান্ট ইউ টু ডাই সুন’ (আমি চাই আপনি শিগগিরই মারা যান)। উত্তরে হুমায়ূন আহমেদ বলেছিলেন, ‘আই হোপ অ্যান্ড প্রে ইউ হ্যাভ আ লং অ্যান্ড মিনিংফুল লাইফ’ (আমি আশা করি এবং প্রার্থনা করি আপনার জীবন দীর্ঘ হোক)।”




অভিনয়কে বিদায় জানিয়ে চাকরি খুঁজছেন হাসান মাসুদ

টিভি পর্দার একসময়ের জনপ্রিয় মুখ অভিনেতা হাসান মাসুদ। একের পর এক দর্শকপ্রিয় নাটকে দেখা গেছে তাকে। কাজ করেছেন চলচ্চিত্রেও। তবে হঠাৎ করেই শোবিজ অঙ্গন থেকে হারিয়ে যান এ অভিনেতা।

এখন আর পর্দায় তেমন দেখা মেলে না তার। সম্প্রতি হানিয়া আমিরকে নিয়ে মন্তব্য করে এসেছেন আলোচনায়। এবার জানালেন, একটা চাকরির খোঁজে রয়েছেন তিনি। আর অভিনয়ে ফিরতে চান না।

সম্প্রতি দেশের এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এসব কথা বলেন হাসান মাসুদ। চাকরি প্রসঙ্গে অভিনেতা বলেন, আমি এখন একটা জব খুঁজছি। একটা জব পেলেই আমি জবে ঢুকে যাবো। সেটা যে ক্ষেত্রেই হোক। সেটা সাংবাদিকতা হতে পারে। এডমিনিস্ট্রেশন হতে পারে। আমি চেষ্টা করছি। হারিয়ে যাবো একেবারে।

একসময় সাংবাদিকতা করা হাসান মাসুদ পুরনো পেশায় ফেরার ইঙ্গিতও দেন। তিনি বলেন, সাংবাদিকতায় ফেরার ইচ্ছে আছে, যদি সে রকম ভালো অফার পাই।

দর্শকদের উদ্দেশে হাসান মাসুদ বলেন, আমার শুধু একটাই অনুরোধ দর্শকদের কাছে, আপনারা সবসময় অনেস্ট থাকবেন। সত্য কথা বলবেন। একটা প্রবণতা এখন খুব বেড়েছে পরকীয়া করার। এটা থেকে আপনারা বিরত থাকবেন। তাহলেই আপনারা ভালো থাকবেন। সুখে থাকবেন।

প্রসঙ্গত, হাসান মাসুদ ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৯২ সালে মাত্র ৭ বছরের মাথায় ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন। এরপর তিনি ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। ২০০৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০০৮ পর্যন্ত বিবিসির বাংলা বিভাগে কাজ করেছেন।

সাংবাদিকতা ছাড়ার পর মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে শোবিজে তার যাত্রা শুরু হয়। এরপর তিনি ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমায় অভিনয় করেন। সেই সঙ্গে টেলিভিশন নাটকে কাজ শুরু করেন। এ অভিনেতার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘হাউস ফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্রাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাশের ঘর’ ও ‘প্রভাতী সবুজ সংঘ’।




ভালো কিছু সহজে আসে না, সংগ্রাম করতে হয়: ভাবনা

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা শুধু নিজের অভিনয় দিয়েই নয়, তার জীবনবোধ ও অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্যও ভক্ত-অনুরাগীদের কাছে পরিচিত।

নাটকের মঞ্চ থেকে শুরু করে বড় পর্দা- সবখানেই নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন। বিশেষ করে তাঁর প্রথম নাটক ‘নট আউট’ এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় থাকেন ভাবনা। সম্প্রতি এক পোস্টে তিনি নিজের ব্যক্তিগত জীবনদর্শন এবং সংগ্রাম নিয়ে কথা বলেছেন যা নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা করছেন।

পোস্টে আশনা হাবিব ভাবনা লিখেছেন, ‘আমি বুঝতে শিখছি যে প্রতিটি সংগ্রামের মধ্যেই কিছু শেখার আছে। কখনও কখনও, এটি আপনাকে এমন শিক্ষা দেয় যা আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে পারে। এটি আপনাকে শক্তিশালী হওয়ার কারণ যোগায়।’

সংগ্রাম করা মানেই ব্যর্থ হওয়া নয় উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘ভালো কিছু সহজে আসে না; বেশিরভাগ সময়েই, আপনার জীবনে ভালো কিছু ঘটার আগে আপনাকে সংগ্রাম করতে হয়। নিজেকে এই কথা মনে করিয়ে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ যে সংগ্রাম করা মানেই ব্যর্থ হওয়া নয়।’

শেষে উল্লেখ করেছেন, ‘এই মুহূর্তে হয়তো আপনি আপনার সব অভিজ্ঞতার জন্য খুব হতাশ বোধ করছেন, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। আপনি যা কিছুর মধ্যে দিয়ে গিয়েছেন, তা সবই একদিন আপনাকে একটা না একটা শিক্ষা দেবে।’




শাকিবের পারিশ্রমিক ৩ কোটি, যা বললেন প্রযোজক

ক’দিন ধরেই শোবিজে আলোচনা- ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার জন্য তিনি ৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন শাকিব খান। যা বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড। এই পারিশ্রমিকের খবরে রীতিমত উচ্ছ্বসিত শাকিবিয়ানরা। তবে অনেকেই আবার প্রশ্ন তুলেছেন।

সম্প্রতি শাকিবের পারিশ্রমিকের বিষয়টি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন ‘প্রিন্স’র প্রযোজক ক্রিয়েটিভ ল্যান্ডের কর্ণধার শিরিন সুলতান। জানান, এটা তার প্রাপ্য। যেটা উনি ডিজার্ভ করেন সেটা তাকে অবশ্যই দিতে হবে। অবশ্যই আগের তার সিনেমাগুলো চেয়ে রেমুনারেশন বেশি হওয়াটা স্বাভাবিক।’

শিরিন সুলতানের ভাষ্য, ‘আমরা যে ভাবনা থেকে এই ছবিটা নির্মাণ করতে যাচ্ছি, সেই জায়গা থেকে উনি যে পারিশ্রমিক নিচ্ছেন এটা ঠিক আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা যখন তাকে “প্রিন্স” ছবির গল্প শোনাই, উনি একটানা ৪৫ মিনিট শুনে ফেললেন। এতটাই মনোযোগী ছিলেন মনে হলো এই গল্প তার পুরোপুরি মুখস্ত। আসলে তার এত বছরের সাধনা আছে বলেই তিনি আজ এই অবস্থানে আছেন।’

বলা দরকার, আবু হায়াত মাহমুদের পরিচালনায় এই সিনেমার গল্পে থাকবে ক্রাইম, প্রেম, অ্যাকশন আর ইমোশনের মিশেল। সদ্যই উন্মোচিত হয়েছে সিনেমার ফার্স্ট লুকও, যা ইতিমধ্যেই ঝড় তুলেছে সিনেমাপ্রেমীদের মধ্যে।

পোস্টারে দেখা যায়, দুই হাতে বন্দুক উঁচিয়ে পেছনমুখী শাকিব। সেখানে তার চারপাশ ঘিরে আরও অনেকের হাতে পিস্তল। অনেকটা গ্যাংস্টার লুক বোঝা যাচ্ছে। পোস্টারে ঢাকা শহরের বিভিন্ন জায়গার নাম যেমন- উত্তরা, গাবতলী, মোহাম্মদপুর, বাড্ডা, কারওয়ান বাজার, শাঁখারীবাজার, গেন্ডারিয়া প্রভৃতি উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, খুব শিগগির সিনেমার শুটিং শুরু হবে। এটাও শোনা যাচ্ছে, এতে শাকিব খানের সঙ্গে দেখা যাবে তিন নায়িকাকে। যদিও নায়িকাদের নাম এখনই প্রকাশ্যে আনতে নারাজ সিনেমা সংশ্লিষ্টরা।




মেয়েরাই নন, পুরুষরাও করে শুধু আলোচনায় আসে না: কাজল

সম্প্রতি মুক্তি পেয়েছে পৃথ্বীরাজ সুকুমারনের পরিচালনায় বলিউড অভিনেত্রী কাজলের নতুন সিনেমা ‘সরজমিন’। এতে অভিনয় করেছেন সাইফ পুত্র ইব্রাহিম আলি খানও।

সম্প্রতি এই সিনেমা নিয়ে দেওয়া এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে সাম্প্রতিককালে চেহারায় নানা ধরনের সার্জারি, ফিলার্স ও বোটক্স করার মতো বিষয় নিয়ে প্রশ্ন করা হয় কাজলকে। তার কাছে এই বিষয়ে মতামত চাওয়া হলে আত্মবিশ্বাসের সঙ্গেই প্রশ্নের উত্তর দেন অভিনেত্রী।

কাজল বলেন, আমার মনে হয় এটা যার যার নিজস্ব বিষয়। যে যেভাবে নিজেকে দেখতে ভালোবাসেন ও এই বিষয়ে আত্মবিশ্বাসী তারা চেহারায় নানা পরিবর্তন আনতেই পারেন। এটা একান্তই ব্যাক্তিগত বিষয়।

তিনি বলেন, ছুরি কাঁচি চালিয়ে চেহারা বদলে ফেলাটা এমন কোনও বড় বিষয় নয় বলেই আমার মনে হয়। তার থেকেও আমার যেটা মনে হয়, শুধু মহিলারাই নন পুরুষরাও কিন্তু সার্জারির আশ্রয় নিয়ে নিজের চেহারা বদলান অনেক সময়। তবে তা সেভাবে আলোচনায় আনা হয় না।

আরও যোগ করে বলেন, তারকা হোন বা আমজনতা এটা একেবারেই তাদের নিজস্ব পছন্দ। এটা খুব সাধারণ একটা বিষয়। এটা নিয়ে কটাক্ষ বা কোনও নেতিবাচক আলোচনা হওয়া অর্থহীন।

অন্যদিকে বার্ধক্য নিয়ে বলতে গিয়ে কাজল বলেন, আমার মনে হয় বয়স হওয়া নিয়ে এত ভাবনার কিছু নেই। প্রকৃতির নিয়মে বয়স বাড়বেই এটিকে স্বাভাবিকভাবেই নিতে হবে।

এই অভিনেত্রীর কথায়, জীবনের সমস্ত বয়সকে উপভোগ করতে জানতে হয়। এতে ভেঙে পড়ার কিছু নেই। যারা কম বয়সে প্রয়াত হয়েছে তারা যে জীবনটাকে আরও বেশিদিন দেখতে পেলেন না। বয়স হওয়াটা উপভোগ করতে পারলেন না এটা আমাকে কষ্টই দেয়। তাই আমার মনে হয় বয়স বাড়াটা এমন কোনও ভয়ানক বিষয় নয়।




পর্ন ইন্ডাস্ট্রিতে পা রাখছেন আসামের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অর্চিতা ফুকান

আসামের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অর্চিতা ফুকান পর্ন ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন। ‘বেবিডল আর্চি’ নামে পরিচিত এ আসামি কন্যা সম্প্রতি মার্কিন পর্ন তারকা কেন্দ্রা লাস্ট-এর সঙ্গে যৌথভাবে কাজ করার ইঙ্গিত দিয়েছেন। তিনি যৌনকর্ম থেকে নিজেকে মুক্ত করে ক্ষমতায়ন ও নিজের বিস্তৃত ক্যারিয়ারের জন্য পর্ন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

‘বেবিডল আর্চি’ ওরফে অর্চিতা ফুকানের এই ঘোষণা তাঁর ভক্তদের মধ্যে আলোচনার ঝড় তুলেছে। জনপ্রিয় পর্ন তারকা কেন্দ্রা লাস্ট-এর সঙ্গে তোলা কিছু ছবি প্রকাশের পর আর্চিতা ফুকান বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

সম্প্রতি, অর্চিতা পর্ন তারকা কেন্দ্রা লাস্টের সঙ্গে একটি ছবি শেয়ার করে তার পর্ন জগতে প্রবেশের কথা জানান। কেন্দ্রা লাস্টের হাত ধরেই যে তিনি এই নতুন অধ্যায় শুরু করতে চলেছেন, সেই ঘোষণায় তার ভক্তরা উচ্ছ্বসিত। এর মধ্যেই তিনি আরো একটি বড় চমকের ইঙ্গিত দিয়েছেন।

তিনি বলেছেন, ‘অনুরাগীদের জন্য তার কাছে রয়েছে বিশেষ চমক, যা দেখলে একেবারে হাঁ হয়ে যাবেন সকলে।’ কী সেই উপহার, তা এখনো খোলাসা করেননি তিনি, তবে এই ঘোষণা তার ভক্তদের মধ্যে কৌতূহল আরো বাড়িয়ে দিয়েছে।’

আর্চিতা ফুকান প্রকাশ করেছেন যে তিনি প্রায় ছয় বছর ধরে বাধ্য হয়ে যৌনকর্মী হিসেবে কাজ করেছেন। এই অন্ধকার জগৎ থেকে মুক্তি পেতে তাকে প্রায় ২৫ লাখ টাকা দিয়ে নিজের স্বাধীনতা কিনে নিতে হয়েছে।

তবে তিনি কার কাছে এই অর্থ দিয়েছেন, কিভাবে তিনি এই ফাঁদে পড়েছিলেন কিংবা তাঁকে জোরপূর্বক নিয়ন্ত্রণ করাদের পরিচয়-এ বিষয়গুলো স্পষ্টভাবে প্রকাশ করেননি।

সাহসী পোশাক, গ্ল্যামারাস লুক, স্টাইল এবং আত্মবিশ্বাসের সঙ্গে আকর্ষণীয় কনটেন্ট তৈরি করে বেবিডল অর্চিতা দর্শকদের মনে নিজের জায়গা করে নিয়েছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারসংখ্যা ৫ লাখ ছাড়িয়ে ৬ লাখের ঘরে পৌঁছেছে। এবার তিনি তাঁর অনুরাগীদের জন্য ১০ লাখ ফলোয়ারের লক্ষ্যমাত্রা স্থির করেছেন। এই নতুন চমক এবং পর্ন জগতে তাঁর প্রবেশ নিঃসন্দেহে তাঁর অনুরাগীসংখ্যা বৃদ্ধিতে সাহায্য করবে।




কারাগারে বিয়ের ৫ দিন পর ‘বাবা’ হতে চলেছেন নোবেল

 

‘ধর্ষণ ও মারধরের’ অভিযোগে ডেমরা থানার মামলায় আলোচিত গায়ক মাঈনুল আহসান নোবেলকে জামিন দিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহাবুব মঙ্গলবার (২৪ জুন) দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন। এই মামলার বাদীকে কারাগারে বসেই বিয়ে করার পাঁচ দিনের মাথায় জামিন পেলেন নোবেল। আদালত নোবেলের জামিন মঞ্জুরের পর তার আইনজীবী মো. খলিলুর রহমান জানান, নোবেল ও তার স্ত্রী ইসরাত জাহান প্রিয়া বাবা-মা হতে চলেছেন।

বিয়ের পাঁচদিন পর নোবেলের স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রসঙ্গে এই আইনজীবী বলেন, নোবেল-প্রিয়া গত বছর বিয়ে করে একসঙ্গে বসবাস করছিলেন। তখন কাবিন রেজিস্ট্রি করা ছিল না। এ নিয়ে ভুল বোঝাবুঝি নিয়ে মামলা হয়। এখন ভুল বোঝাবুঝির অবসান হয়েছে এবং গত ১৯ জুন কারাগারে আবার তাদের বিয়ে হয়েছে।

এদিন ডেমরা থানায় হওয়া নারী নির্যাতন ও পর্নোগ্রাফি মামলায় এক হাজার টাকা মুচলেকায় জামিন পেয়েছেন নোবেল। জামিনের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুব। আদালতে জামিনের বিষয়ে আপত্তি না থাকার কথা জানান তার স্ত্রী প্রিয়া। তবে নোবেল নিজে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি।

এর আগে হাসিখুশি অবস্থায় কড়া নিরাপত্তায় আদালতে প্রবেশ করেন নোবেল। এর কিছুক্ষণ পরই হাস্যোজ্জ্বল মুখে উপস্থিত হন তার সদ্য বিবাহিত স্ত্রী ইসরাত জাহান প্রিয়াও। তিনিই ছিলেন নোবেলের বিরুদ্ধে ধর্ষণ মামলার বাদী। আদালতে প্রবেশ করে কাঠগড়ায় থাকা নোবেলের কাছে যান তিনি। বেশ আনন্দের সঙ্গে দুজন গল্প করেন কিছুক্ষণ।

এরপর নোবেলকে আদালত থেকে পুনরায় কারাগারে নিয়ে যায় পুলিশ। এসময় সারাক্ষণ প্রিয়ার হাত ধরেই হাঁটছিলেন নোবেল। আদালতের লিফটে ওঠার সময়ও প্রিয়াকে সঙ্গে নেন তিনি।

গত ২০ মে থেকে কারাগারে ছিলেন নোবেল। বাদীর মামলার অভিযোগে বলা হয়, ওই নারীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও শারীরিকভাবে নির্যাতন করেছিলেন এই সংগীতশিল্পী। এই মামলার শুনানিতে গত ১৮ জুন (বুধবার) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক নাজমিন আক্তার নোবেলকে জামিন দেওয়ার শর্ত হিসেবে বাদীকে বিয়ে করার নির্দেশ দেন। সেই নির্দেশ মেনে বিয়ে করে জামিন পান নোবেল।

পরে ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে নোবেল বিয়ে করেন মামলার বাদী ইসরাত জাহান প্রিয়াকে। বিয়ের সময় উপস্থিত ছিলেন উভয় পরিবারের সাক্ষী নাজমা হোসেন, সাবিহা তারিন, মো. খলিলুর রহমান এবং মো. সাদেক উল্লাহ ভূইয়া।

কারা সূত্রে জানা গেছে, এই বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয় ১০ লাখ টাকা।




জাল টাকায় গরু বিক্রি করা সেই বৃদ্ধকে ওমরাহ করাতে চান অপু বিশ্বাস

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে নিজের লালন-পালন করা একটি গরু বিক্রির উদ্দেশে নিয়ে গিয়েছিলেন নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা রইস উদ্দিন। সেখানেই গত ৫ জুন ১ লাখ ২৩ হাজার টাকা দামে গরুটি বিক্রি করেন তিনি। কিন্তু গরু বিক্রি করতে গিয়েই জালিয়াতির শিকার হন তিনি। রইস উদ্দিনকে টাকার বান্ডেলে জাল নোট ধরিয়ে দিয়ে যান ক্রেতা। সেটা পরে টের পাওয়ার পরেই পশুর হাটে কান্নায় ভেঙে পড়েন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পশুর হাটে জাল টাকার নোটের বান্ডেল হাতে কান্নারত অবস্থায় সেই বৃদ্ধের একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়। এরপর অনেকেই তার দিকে সাহায্যর হাত বাড়িয়ে দেন। যাদের মধ্যে রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসও। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন নামের একটি সংগঠনের মাধ্যমে ক্ষতিগ্রস্থ সেই বৃদ্ধের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ইতোমধ্যেই সেই সংগঠনের মাধ্যমে ও বিভিন্ন মানুষের সহযোগীতায় রইস উদ্দিন তার গরু বিক্রির টাকা অনুদান হিসেবে পেয়েছেন। তাই অপু বিশ্বাস আর আর্থিক সহযোগিতা করতে চান না। তবে সিদ্ধান্ত নিয়েছেন সেই ব্যক্তির ওমরাহ করার যাবতীয় খরচ তিনি বহন করবেন।

এ বিষয়ে অপু বিশ্বাসের ভাষ্য, ‘ফেসবুকে চাচার ভিডিওটি দেখলাম। যেখানে জানতে পারলাম, তিনি গরু বিক্রি করে জাল নোট পেয়েছেন। ওনারা তো খুব গরীব মানুষ। একটা গরু বিক্রির জন্য দূর-দুরান্ত থেকে আসেন। বিষয়টি আমার চোখে পড়ার পরই তার খোঁজ করতে শুরু করলাম। তখন দেখলাম, একটি সংগঠন তার সঙ্গে যোগাযোগ করেছে। এবং তারাই আমাকে জানালো, চাচার গরু বিক্রির টাকা ইতোমধ্যেই উঠে গেছে।‘

‘এরপরে সেই সংগঠনের পক্ষ থেকে আমাকে জানানো হলো, চাচার ইচ্ছে তিনি ওমরাহ করতে চান। তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি, তার ওমরাহ পালনের যাবতীয় খরচ আমি বহন করব। আর সে যদি এই মুহূর্তে ওমরাহ না করতে চান, তাহলে তার হাতে ৫০ হাজার টাকা তুলে দিব। যা দিয়ে তিনি নতুন করে পশু কিনতে পারবেন, বা প্রয়োজনীয় কাজে লাগতে পারবেন।’

অপু বলেন, ‘তিনি আমার বাবার বয়সী। আজকে যদি আমি তার মেয়ে হতাম তাহলে হয়তো এমন কিছুই করতাম। আমি চাই উনি আমার সন্তান-পরিবারের জন্য দোয়া করুক, এতটুকুই।’

এ বিষয়ে রইস উদ্দিন বলেন, “অপু বিশ্বাস আমার মেয়ের মতো। তিনি আমার সাথে কথা বলেছেন এবং ওমরাহ পালনের সব খরচ দেবেন বলেছেন। আমি তার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না।”




বিয়ের পিঁড়িতে বসছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী

ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানের স্ত্রী ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম। ২০১২ সালে তারা বিয়ে করেছিলেন। এক বছর পরই তাদের সংসার আলো করে আসে প্রথম সন্তান আরশ হোসেন।

স্বামী-সন্তান নিয়ে সুখের সংসার থাকলেও ২০১৮ সালের শুরুতে বিনোদন জগতে কাজ করতে চান মারিয়া। এ নিয়ে দু’জনের মধ্যে মনোমালিন্য শুরু হয়। যা এক পর্যায়ে ডিভোর্সে রূপ নেয়। ২০১৯ সালে বিচ্ছেদের মধ্যে দিয়ে আলাদা হয়ে যান এই জুটি।

এরপর পেরিয়ে গেছে ৬ বছর। নতুন করে আবারও সম্পর্কে জড়িয়েছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম। সম্প্রতি ইনস্টাগ্রামে এক যুবকের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।

যেখানে নিজের ভালোবাসার মানুষের চেহারা ঢেকে রাখলেও ওই যুবককে ‘আমার ভালোবাসা’ বলেই সম্বোধন করেছেন এই মডেল ও অভিনেত্রী।

এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মারিয়া মিম জানালেন, খুব শিগগিরই প্রেমিককে বিয়ে করতে চলেছেন তিনি।

তার কথায়, ‘হ্যাঁ, আমি প্রেম করছি। তবে আমার বয়ফ্রেন্ড মিডিয়ার না। তিনি মিডিয়ার বাইরের লোক। সামনেই আমরা বিয়ে করব।’

মিম চান না তার সঙ্গে সিদ্দিককে জড়িয়ে কোনো প্রশ্ন তৈরি হোক। এই মডেল বললেন, ‘সিদ্দিক তো আমার প্রাক্তন। ডিভোর্স হয়ে গেলে তার সঙ্গে দেখা করাটাও পাপ। তিনি আমার জন্য এখন একজন পরপুরুষ। যার সঙ্গে দেখা করাটাও পাপ। প্লিজ, সিদ্দিককে জামাই বানায় দিয়েন না।’

এদিকে সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ নিয়ে অশ্লীলতার অভিযোগে ৬ মডেল-অভিনেত্রী ও ৩ নির্মাতাকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। যার মধ্যে মারিয়া মিমের নামও রয়েছে।

এই ঘটনায় সেই আইনজীবীর বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করেছেন মিম। তার দাবি, জাকির হোসেন ভাইরাল হতেই তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছেন। শুধু তাই নয়, সেই আইনজীবীর বিরুদ্ধে মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।




কান উৎসবে প্রথম টেলিভিশন নারী সাংবাদিক শাহরিন জেবিন

১৮ মে ফ্রান্সের সাগরপাড়ে চলছে ‘৭৮তম কান চলচ্চিত্র উৎসব’। বিশ্ব সিখপ্তরা আমাকে যোগ্য মনে করেছেন বলেই, কানের মতো আসরে আমি যোগ দিতে পেরেছি। এ জন্য প্রতিষ্ঠানের কাছে আমি কৃতজ্ঞ। এরই মধ্যে জেবিনের ক্যামেরায় যেমন ধরা পরেছেন হলিউড তারকা টম ক্রুজ, তেমনি সাক্ষাৎকার নিয়েছেন বলিউড অভিনেতা অনুপম খেরের।
এছাড়া সাগরপারের শহরটিতে যারাই যাচ্ছেন, তারা হচ্ছেন জেবিনের মুখোমুখি। যে খবরগুলো প্রতি মুহুর্তে চ্যানেল
টোয়েন্টিফোরের বিভিন্ন সংবাদে সরাসরি জানানোর পাশাপাশি, তিনি অনলাইন প্লাটফর্মেও দেখাচ্ছেন। জেবিন বলেন, এ এক অন্যরকম অভিজ্ঞতা। যা ভাষায় প্রকাশ করা যাবে না। বিভিন্ন দেশের তারকাদের মিলনমেলা ঘটে ১২ দিনের এই আয়োজনে। যে আয়োজন সফল করতে বছরব্যাপী প্রস্তুতি নেয় উৎসব কর্তৃপক্ষ। এবারের কান আসরে আছে বাংলাদেশের উপস্থিতি।
উৎসবের সর্বোচ্চ পুরস্কারস্বর্ণপামের জন্য লড়ছে বাংলাদেশের ছবি আলী। স্বল্পদৈর্ঘ্য যে সিনেমাটি পরিচালনা করেছেন আদনান আল রাজীব। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে এবার যোগ দিয়েছেন, বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক, খাদিজা পারভীন বর্ষা। আসরের ওয়ার্ল্ড ওমেন কান এজেন্ডা ডিসকাশন বিভাগে অংশ নিয়েছেন তিনি। যেখানে ইসাবেল, মারিয়ানি ও নোরা আরমানীর মতো শিল্পী-লেখকদের সাথে বসেছেন তিনি।
১৪ এবং ১৫ মে হয়েছে এই বিভাগের আলোচনা পর্ব। এর পাশাপাশি মার্শে দ্যু ফিল্মে প্রদর্শিত হয়েছে, ‘বাঙালি বিলাস’। জেবিন বলেন, একজন বাঙালি সংবাদকর্মী হিসেবে আমি গর্বিত হয়েছি এবার। কারণ ছবি আর আলোচক দিয়ে ৭৮তম আসরে রয়েছে বাংলাদেশের নাম। বাংলাদেশের চলচ্চিত্র যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে আমি বিশ্বাস করি, আগামীতে কান-সহ আন্তর্জাতিক উৎসবগুলোতে আরও দাপটের সাথে থাকবে বাংলাদেশ।
দেশের প্রথমসারির জনপ্রিয় নিউজভিত্তিক টেলিভিশন, চ্যানেল টোয়েন্টিফোরে শাহরিন জেবিনের শুরুটা ২০১৯ সালের মাঝামাঝিতে। তার সঞ্চালনায় কালার্স টোয়েন্টিফোর মানেই, দর্শকদের কাছে আলাদা জনপ্রিয়তা। এরই মধ্যে সেলিব্রিটি টক-শো কেন্দ্রীক এই অনুষ্ঠানটি অতিক্রম করেছে, দুই’শ পর্ব। চলচ্চিত্র থেকে সংগীত, টিভি নাটক থেকে মঞ্চ, সব মাধ্যমের শিল্পীরাই এসেছেন তার অতিথি হয়ে।
জেবিন বলেন, তারকাদের কাছে সাধারণের অনেক কিছুই জানার আগ্রহ থাকে। হটসিটে বসে আমি সে কাজটাই করি। চেষ্টা করি, আলাদা কিছু দর্শকদের জন্য বের করে আনার। বিনোদনের উপস্থাপক মানেই এক এক সময়ে এক এক চ্যানেলে নিজেকে উপস্থাপন।
এক্ষেত্রে জেবিন কেন এক চ্যানেলেই বেঁধে রেখেছেন নিজেকে? প্রশ্ন করতেই এই উপস্থাপক বলেন, এখন অনেকেই ফ্রিল্যান্সিং করছে, যারা করছে তাদের সবার প্রতি আমার সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা। তবে আমি নিজেকে এভাবে দর্শকদের সামনে আনতে চাই না। কারণ, এতে আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়। আমি চ্যানেল টোয়েন্টিফোরে প্রতিদিন নির্দিষ্ট একটা সময়ে বিনোদনের সব খবর নিয়ে হাজির হই। আমি দেখেছি, দর্শকরা সারাদিন অপেক্ষা করে, আমার এই আয়োজনের জন্য। কারণ, বুলেটিন শুরু হতেই ইনবক্স আর কমেন্ট আসা শুরু হয়।
গ্রামের বাড়ি কুষ্টিয়ায় হলেও, বাবা নেয়ামত আলি ও মা সাবিনা ইয়াসমিন নিলুর একমাত্র সন্তান শাহরিন মাহফুজা জেবিনের বেড়ে ওঠা ঢাকায়। পড়াশোনা ঢাকা সিটি কলেজে। শিক্ষা জীবনেই অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন ৫ ফিট ৬ ইঞ্চি উঁচ্চতার এই তরুণী। শুরুটা এটিএন বাংলায় প্রচারিত বাণিজ্যমেলা প্রতিদিন দিয়ে। এরপর এনটিভিতে প্রেজেন্টার হান্টের সুবাদে চ্যানেলটিতে প্রচারিত শুভ সন্ধ্যা, সাপ্তাহিক রান্নার অনুষ্ঠান, গানের লাইভ-সহ একাধিক আয়োজনে দেখা যায় তাকে। পরবর্তীতে যমুনা টেলিভিশনে স্পোর্টস বিভাগের সাথে যুক্ত হন। সেখান থেকে একাত্তর টিভি হয়ে ২০১৯ সালে যোগ দেন চ্যানেল টোয়েন্টিফোরে। জেবিন জানান, এক দশকের সাংবাদিকতা জীবনে অনেক কিছুই শিখেছি। আরও শিখতে চাই। দর্শকদের একজন আস্থার মানুষ হয়ে উঠতে চাই।
বর্তমানে টেলিভিশনের বিনোদন বিভাগের সাংবাদিকতা ও উপস্থাপনার পাশাপাশি দেশ বিদেশের বিভিন্ন কর্পোরেট শো হোষ্ট করছেন জেবিন। সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের বার্ষিক সভা উপস্থাপনা করেছেন তিনি। এছাড়া নিয়মিত করছেন দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ইভেন্টে।




ছেলের ব্রেনওয়াশের চেষ্টার অভিযোগ সিদ্দিকের বিরুদ্ধে সাবেক স্ত্রী মিমের

ঘটনা ২০১২ সালের। বিনোদন জগতের ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে ভালোবেসে বিয়ে করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মডেল মারিয়া মিম।

২০১৩ সালে এ দম্পতির ঘর আলো করে জন্ম নেয় আরশ হোসেন। ২০১৯ সালের শেষের দিকে ডিভোর্স হয় তাদের। এরপর থেকে নিজে ও সন্তানকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন মারিয়া মিম।

কখনো বাংলাদেশ, আবার কখনো স্পেনে থাকেন তিনি।  ডিভোর্সের পর সন্তানকে নিজের কাছেই রাখেন মিম। সন্তানের সব ভরণপোষণ তিনিই করেন। বাবা হিসেবে সিদ্দিক কোনো কিছুই করেন না বলে জানান এ মডেল।

সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট লিগে অংশ নিয়েছেন মারিয়া মিম। এর ফাঁকে একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেন, ছেলেকে নিয়ে সিদ্দিক এক ধরনের পলিটিকস করে। যখন আমার সন্তান তার কাছে যায়, সে অনেক ছবি তুলে রাখে। পরে সেগুলো ফেসবুকে ভিন্ন ভিন্ন সময়ে আপলোড করে। যাতে মানুষ মনে করে, সন্তান ওর কাছেই থাকে। কিন্তু তেমনটি না।

কারণ ছয় মাসে একবার আরশ তার বাবার কাছে যায়। সেটিও দুই-একদিনের জন্য। বাকিটা সময় আমার কাছেই থাকে। তবু মানুষ মনে করে, আমি সন্তানকে রেখেই বিদেশে ঘুরে বেড়াচ্ছি।

মারিয়া মিম বলেন, ‘আমিই ছেলের সবকিছু করছি। তার ভরণপোষণ থেকে শুরু করে সব। তার বাবা কিন্তু কিছুই দিচ্ছে না। দেশে-বিদেশে ঘুরে বেড়ালেও আরশকে সঙ্গে নিয়েই যাচ্ছি।’

এ মডেল বলেন, ‘আমি যখন ছেলেকে তার কাছে পাঠাতাম সে ব্রেনওয়াশ করত। আদালত থেকে বলেছিল— কিছু দিন পরপর আরশ তার বাবার কাছে যেতে পারবে। কিন্তু সেখানে রাতে থাকতে পারবে না। বিকাল ৫টার আগেই চলে আসতে হবে।

কিন্তু আমি সেটি করতাম না। তাকে দুদিন বাবার কাছে থাকতে দিতাম। কিন্তু দেখতাম, ছেলে সেখান থেকে আসার পরই বলছে— মাম্মি, বাবা তোমার কাছে আসতে নিষেধ করে?

তিনি বলেন, সিদ্দিক কিংবা অভিনেতার পরিবার চায় না আরশ তার কাছে আসুক। এ জন্য সন্তানের ব্রেনওয়াশের চেষ্টা করে।




চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে জয় পেলেন যারা

নতুন নেতৃত্ব পেলো বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। শুক্রবার (৯ মে) রাত সাড়ে সাতটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল লতিফ বাচ্চু।

নতুন মেয়াদে পরিচালক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন শাহীন সুমন। তিনি ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ১৮০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহীন কবির টুটুল।

এ নির্বাচনে সহ-সভাপতি পদে আবুল খায়ের বুলবুল, উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা, কোষাধ্যক্ষ সাইমন তারিক, প্রচার প্রকাশনা ও দপ্তর সচিব ওয়াজেদ আলী বাবলু, আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি বন্ধন বিশ্বাস, সাংস্কৃতিক ও ক্রীড়া মুস্তাফিজুর রহমান মানিক নির্বাচিত হয়েছেন।

এদিকে, কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ছটকু আহমেদ, শাহাদাৎ হোসেন লিটন, পল্লী মালেক, জাকির হোসেন রাজু, বজলুর রাশেদ চৌধুরী, সাঈদুর রহমান সাঈদ, হাবিবুল ইসলাম হাবিব, জয়নাল আবেদীন (জয় সরকার)।

 




লাইভে কান্নার পর ভারত যাওয়ার অনুমতি পেলেন নেহা

এই সময়ের তরুণ অভিনেত্রী নিদ্রা দে নেহা। ছোট পর্দার পাশাপাশি সিনেমাতেও দেখা গেছে তাকে।

সম্প্রতি শোবিজাঙ্গনে নানা অনৈতিকতার অভিযোগ তুলে একটি স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসেন তিনি। ওই পোস্টে মিডিয়া ছেড়ে দেওয়ার ইঙ্গিতও দেন তিনি।

 

সেই আলোচনায় রেশ কাটতে না কাটতে একটি ফেসবুক লাইভ নিয়ে হাজির হন নেহা। যেখানে কাঁদতে কাঁদতে তিনি জানান, তার বাবার শারীরিক অবস্থা ভালো না। চিকিৎসকরা দ্রুত দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। সেজন্য রওয়ানা হয়েছিলেন। তবে কাগজপত্র ঠিক নেই দাবি করে বিমানবন্দরে আটকে দেওয়া হয় তাদের।

শনিবার বিকেলে নেহা নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে জানান, তার সরকারি কর্মকর্তা বাবার এনওসির (নো অবজেকশন লেটার) মেয়াদ ছিল না। সেজন্য তাদের আটকে দেওয়া হয়েছিল।

ওই ভিডিওতে নেহা বলেন, আমরা এর আগে চিকিৎসা নিতে গিয়েছিলাম। তখন হাফ ডান হয়। সেসময় এনওসি নেওয়া হয়েছিল। এবার ব্যাংকে আবার এনওসি চাইলে তারা জানান, আপনার তো এনওসি এই পারপাসে নেওয়া আছে, আর প্রয়োজন নেই। কিন্তু এয়ারপোর্ট কর্তৃপক্ষ সেটা মানতে নারাজ। তারা নানান রুলসের কথা শোনাচ্ছে। অথচ পরশুদিন আমার বাবার ট্রিটমেন্টের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া।
বাবার একদম লাস্ট স্টেজ। আমি জানি না কী ঘটবে।

সব জটিলতা কাটিয়ে অবশেষে আজ (রোববার) তার বাবাকে নিয়ে ভারতে রওয়ানা হবেন বলে গণমাধ্যমে জানিয়েছেন নেহা। তিনি বলেন, এনওসির জটিলতার কারণে বাবাকে দেশের বাইরে নেওয়া সম্ভব হয়নি। তবে আমাদের সমস্যার মোটামুটি সমাধান হয়েছে। আজ বাবাকে নিয়ে রওয়ানা হবো।

এর আগে শাকিব খানের সঙ্গে তাণ্ডব সিনেমায় একদিন শুটিং করার পর সেটি থেকে বাদ পড়েন নেহা। এভাবে বাদ দেওয়াটাকে অপেশাদার আচরণ বলেও মন্তব্য করেছেন অভিনেত্রী।

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগীতায় ২০২০ সালে অংশ নেওয়ার মধ্য দিয়ে শোবিজে নাম লেখান নেহা। এরপর বিজ্ঞাপন, নাটক, ওটিটির গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন সিনেমায়ও। ২০২৪ সালে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘শরতের জবা’।




আলোচিত সেই ময়ূখকে ‘গাধা’ বললেন অভিনেতা ঋত্বিক!

কখনও লাফিয়ে, কখনও দৌড়ে- চিৎকার চ্যাঁচামেচি করে সংবাদ উপস্থাপনা করছেন; বলা হচ্ছে কলকাতার মলম বিক্রেতা খ্যাত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের কথা! ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলায় বাংলাদেশকে নিয়ে উদ্ভট কথার মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে সমালোচনার পাত্র হয়েছেন তিনি। এ নিয়ে শুধু বাংলাদেশের মানুষের কাছেই নয়, ওপার বাংলার সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও তাকে নিয়ে সমালোচনা করেন।

এবার পরোক্ষভাবে ময়ূখ রঞ্জন ঘোষকে ইঙ্গিত করে একটি পোস্ট দিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। শুক্রবার দুপুরে এক ফেসবুক পোস্টে অভিনেতা লেখেন, ‘ধরুন একটা গাধার নাম দিলেন ময়ূর আর তাকে কালারফুল করতে পাশে বসালেন রঞ্জন,তাহলে পুরোটা হল ‘ময়ূররঞ্জন’।’

ঋত্বিকের সেই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়, হাসির রোল পড়ে যায়। কেউ কেউ দাবি করেন, বছরের সেরা স্যাটায়ার পোস্ট এটি। অর্থাৎ, ময়ূখকে পরোক্ষভাবে গাধা বলে সম্বোধন করলেন কি অভিনেতা, প্রশ্ন বাঁধে অনেকের মনে।

তবে ঋত্বিকের মন্তব্যঘর বিশ্লেষণ করে বুঝতে বাকি নেই, ময়ূখের যতো বিতর্কিত কাণ্ডে অতিষ্ঠ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও। শুধু তাই নয় অভিনেতার সেই ইঙ্গিতপূর্ণ পোস্টের সঙ্গে একমত হয়েছেন তার ভক্তরাও। একজন লিখেছেন, ‘একদম ঠিক বলেছেন।’ আরেকজন লিখেছেন, ‘এসব আজেবাজে লোকদের নিয়ে চিন্তা করা বন্ধ করেন।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘দারুণ, অসাধারণ উপমা।’

ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অব ইনপুট হিসেবে কর্মরত ময়ূখ রঞ্জন ঘোষ। তার সঙ্গে টালিগঞ্জেও রয়েছে বেশ ওঠাবসা। মাঝে মাঝেই সামাজিক মাধ্যমে টালিউড তারকাদের সঙ্গে দেখা যায় তাকে। যেমন এর আগে ময়ূখের সঙ্গে ছবি তুলে বিপাকে পড়েছিলেন ওপার বাংলার অভিনেতা দেব ও রুক্মিণী মিত্র। এক নেটিজেন কটাক্ষ করে লিখেছিলেন, ‘দেব আর থাকবে না দাদা এবার থাকবে না, রুক্মি কাছে দেব থাকবে না।’




বিচ্ছেদের পর ট্রল, নীরবতা ভেঙে যা বললেন এ আর রহমান

প্রায় তিন দশকের দাম্পত্য জীবনের পর হঠাৎ করেই স্ত্রী সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়ে চমকে দিয়েছিলেন এ আর রহমান। এরপর  বেশ কিছুদিন সংবাদের শিরোনামে ছিলেন এই দম্পতি।

ওই সময় অনেকে তাদের সিদ্ধান্তের বিষয়ে মতামত এবং প্রতিক্রিয়াও জানিয়েছিলেন।

যদিও এ আর রহমান এবং সায়রা বানু বরাবর চুপ থাকতেই চেয়েছিলেন। তবে মানুষের সমালোচনার মুখে আগেই নিজের মতামত তুলে ধরেছিলেন সায়রা বানু। এবার বিচ্ছেদের প্রায় ছয় মাস পর বিষয়টি নিয়ে পর্যালোচনা করা লোকদের বিষয়ে এক সাক্ষাৎকারে কথা বললেন এ আর রহমান।

তিনি বলেন, ‘প্রত্যেককেই ছাঁকনির মধ্যে দিয়ে যেতে হয়। সে ঈশ্বর হোন আর পৃথিবীর ধনী ব্যক্তি, কারও ছাড় নেই। তাহলে আমি আর এমন কে?’

যত খ্যাতি বেড়েছে, ততই শান্ত হতে শিখে গিয়েছেন এ আর রহমান। এই প্রসঙ্গে তিনি জানান, ঘৃণার বদলে বরাবরই শান্তিকে বেছে নিয়েছেন।

বিচ্ছেদের খবরের পর এ আর রহমানকে নিয়ে সামাজিকমাধ্যমে নানা ট্রল শুরু হয়েছিল। বিষয়টি নিয়ে অস্কারজয়ী এই সুরকারের ভাষ্য, আমি যদি কারো পরিবার সম্পর্কে কিছু বলি, তাহলে কেউ আমার পরিবার সম্পর্কেও কিছু বলবে। আর আমরা, ভারতীয় হিসেবে, এই বিশ্বাস করি। কারোরই অপ্রয়োজনীয় কথা বলা উচিত নয় কারণ সবারই বোন, স্ত্রী এবং মা আছে। এমনকি আমার পরিবার সম্পর্কে কেউ নোংরা মন্তব্য করলে পাল্টা আমি ঈশ্বরকে বলি, ‘ক্ষমা করে দিও এবং তাদের সঠিক পথে পরিচালিত করুন। ’

১৯৯৫ সালে এ আর রহমান ও সায়রা বানুর বিয়ে হয়। দেখাশোনা করেই নাকি বিয়ে করেছিলেন তারা। কিন্তু দীর্ঘ ২৯ বছর তারা একসঙ্গে কাটিয়েছেন। তাদের সংসারে খাতিজা, রহিমা ও আমিন তিন সন্তানের জন্ম হয়েছে। ইতোমধ্যেই মেয়ে খাতিজার বিয়েও হয়েছে।




৩ কোটি ৪০ লাখ লিটার ভোজ্যতেল কিনবে সরকার

উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৩ কোটি ৩০ লাখ লিটার ভোজ্যতেল তেল কিনবে সরকার। এর মধ্যে ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন ও ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কেনা হবে।

শনিবার (২৯ জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান এ তথ্য জানান।

মাহমুদুল হোসাইন খান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৫০ টাকা ৪৮ পয়সা ধরে মোট খরচ হবে ৩৩১ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকা। সিটি এডিবল অয়েল লিমিটেড থেকে এই তেল কেনা হবে।

এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের আরও এক প্রস্তাবের প্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত পুনঃদরপত্র পদ্ধতিতে ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কেনার অনুমোদন দিয়েছে ক্রয়সংক্রান্ত কমিটি। প্রতি লিটার ১৪৭ টাকা ৩৫ পয়সা হিসাবে এই তেল কিনতে মোট খরচ হবে ১৬২ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা।




স্বামী ভিকিকে জোকার মনে হয় ক্যাটরিনার

প্রেম করে বিয়ে করেছিলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। দুই বছর প্রেম ও দুই বছরের সংসার জীবন পার করলেও এখনও অভিনেতার কিছু কর্মকাণ্ডে তাকে জোকার মনে করেন ক্যাটরিনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। ক্যাটরিনার দাবি, ভিকির সঙ্গে প্রেম-সংসারের চার বছর পূর্ণ হলেও এখনও স্বামীকে মনের মতো করে গড়ে তুলতে পারেননি। স্ত্রী হিসেবে ভিকির অনেক বিষয়ই অপছন্দ তার।

এ বিষয়ে ক্যাটরিনা বলেন, ‘প্রেমিক থেকে স্বামী হলেও ভিকির সবকিছুই যে ভালো লাগে তা কিন্তু নয়। ওর অনেক কিছুই আমার একদম ভালো লাগে না। যা নিয়ে আমাদের মাঝে ঝগড়া হয়। বিশেষ করে পোশাক নির্বাচন নিয়ে। পার্টি কিংবা কোথাও ভ্রমণের জন্য ভিকি যা বেছে নেয়, তা কখনও হাসির খোরাক হয়ে ওঠে, নয়তো বিরক্তি ধরিয়ে দেয়। কখনও কখনও ভিকির পোশাক-পরিচ্ছদ দেখে ওকে আমার জোকার বলেই মনে। হ্যাঁ, আমার চোখে ভিকি এক ধরনের জোকার, যে ইচ্ছে করেই উদ্ভট পোশাক পরে।’

 

স্ত্রীর সুর ভিকির কণ্ঠেও। এই নায়কও জানালেন, তার পোষাক নিয়ে বেশ অসন্তুষ্ট ক্যাটরিনা। অভিনেতার ভাষায়, ‘ক্যাটরিনার কারণেই আমার আলমারি এখন ভরে উঠছে হাল ফ্যাশনের পোশাকে। আমার ফ্যাশন নিয়েও নিত্যদিনই কোনো না কোনো পরামর্শ দিয়ে যাচ্ছে। যদি কোনো একটা পোশাক পরে বাড়ি থেকে বেরোতে যাই, তাহলে আমি নিশ্চিত ও বলে বসবে, কী রকম জোকার সেজে বাইরে যাচ্ছ! এমনও হয়েছে কতবার যে, ক্যাট আমার হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে গেছে জামা বদলানোর জন্য। আমি সরল মনে জিজ্ঞাসা করেছি, এই পোশাকে কী সমস্যা আছে? ও বলেছে, এই পুরো পোশাকটাই ভুলভাল! এ হলো ক্যাটরিনা। এর পরও আমি বলব, জোকার সেজে ওর বকা খেলেও অনেক কিছু শেখার সুযোগ হচ্ছে। দাম্পত্য জীবনের এটাই হলো বড় প্রাপ্তি।’

প্রসঙ্গত, গোপনে দুই বছর প্রেমের পর ২০২১ সালে বিয়ে করেন ভিকি ও ক্যাটরিনা। বেশ গোপনেই হয়েছিল তাদের বিয়ের আয়োজন। এরপর থেকে সুখেই দাম্পত্য জীবন পার করছেন এই জুটি।




৮০ বছর পর্যন্ত অভিনয় চালিয়ে যেতে চান রানি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। সম্প্রতি তিনি ৫৪তম ‘ভারত-আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ (আইএফএফআই)-তে ডেলিভারিং কম্পেলিং পারফরম্যান্সের একটি মাস্টারক্লাস চলাকালে হাজির হয়েছিলেন। সেখানে রানি বলিউডের প্রচলিত বয়স বিতর্ক নিয়ে কথা বলেন।

তিনি বলেন, আমি মনে করি না একজন অভিনেতাকে বয়স দিয়ে বিচার করা উচিত। এটি শুধু এ কারণে যে দর্শক বেশিরভাগ ক্ষেত্রে তরুণদের পর্দায় দেখতে চান। তবে, আপনাদের এ ভ্রান্ত জগতে না থাকা এবং এটা বিশ্বাস করাও গুরুত্বপূর্ণ যে আপনি সর্বদাই তরুণ। আপনি মনের দিক থেকে তরুণ হতে পারেন কিন্তু আপনার বয়সকে মেনে নেওয়া এবং আপনার বয়সের সঙ্গে মানানসই ভূমিকা গ্রহণ করাও গুরুত্বপূর্ণ।

দীর্ঘ ২৭ বছর ধরে বলিউডে নিজের অবস্থান ধরে রেখেছেন রানি মুখোপাধ্যায়। তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে গেছেন। এ নিয়ে তার ভাষ্য, যেভাবে আমার দর্শকরা আমাকে পছন্দ করেছে এবং আমাকে গ্রহণ করেছে, সেভাবেই কাজ করেছি। দর্শকই আসলে আমাকে বয়সে বাধা ভাঙতে সাহায্য করেছে। আর আমি আমার দর্শকদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমি নিশ্চিতভাবে ৮০ বছর বয়স পর্যন্ত কাজ করে যাব। আমি শিগগিরই আমার তোয়ালে ঝুলিয়ে দিচ্ছি না (আমি দ্রুত অবসর নিচ্ছি না)।

৪৫ বছর বয়সের রানিকে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে শেষবার দেখা গেছে। রানির কথায়, আমি আমার তৃতীয় ছবি কুছ কুছ হোতা হ্যায়তে একজন মায়ের চরিত্রে অভিনয় করেছি। তারা রাম পাম ছবিতে আমি দুই সন্তানের মায়ের ভূমিকায় অভিনয় করেছি। আমি সচেতনভাবে চেষ্টা করেছি চরিত্রের বয়স ফ্যাক্টরকে গুরুত্ব না দিয়ে যে চরিত্রে অভিনয় করছি তার প্রতি সুবিচার করতে। যাতে দর্শক যখন আমাকে পর্দায় দেখছেন, তারা আমাকে রানি মুখার্জি মনে না করেন।

তার কথায়, আজ যদি আমাকে একজন কলেজ ছাত্রীর চরিত্রে অভিনয় করতে হয়, আমি তা করতে পারি। তবে দর্শককে দেখাতে হবে যে আমি একজন মা এবং ৪০ বছর বয়সেও আমি কলেজে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অর্থাৎ আমি বলতে চাইছি চরিত্রটাকে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে। আপনার বয়স কত তা নিয়ে আপনার দর্শকদের কাছে যেন যুক্তিযুক্ত কারণ থাকে।

প্রসঙ্গত, হিচকির ক্লাইম্যাক্স দৃশ্যে একজন ৬০ বছর বয়সী চরিত্রে অভিনয় করেন রানি।




৩ দিনে ৩০০ কোটি পার টাইগার’র

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। বিশেষ করে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির সিনেমায় তাদের রসায়ন দর্শকরা বেশ উপভোগ করেছেন। এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে হাজির হয়েছেন সালমান-ক্যাটরিনা। গত ১২ নভেম্বর বিশ্বের ৮ হাজার ৯০০ পর্দায় মুক্তি পেয়েছে যশরাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমা।

মুক্তির প্রথম দিনে আয় করা বলিউড সিনেমার তালিকায় ‘টাইগার থ্রি’ এখন তৃতীয় অবস্থানে। তার আগের দুই অবস্থানে রয়েছে ‘পাঠান’ ও ‘জওয়ান’। মুক্তির দ্বিতীয় দিনে ভারতে সিনেমাটির আয় বাড়লেও গতকাল কিছুটা কমেছে। তবে বিশ্বব্যাপী আয়ের ধারা অব্যাহত রয়েছে।

বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ভারতে ‘টাইগার থ্রি’ সিনেমা আয় করে ৪৪.৫ কোটি রুপি। দ্বিতীয় দিনে সিনেমাটি আয় করে ৫৯.২৫ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করে ৪৩ কোটি রুপি। ৩ দিনে ভারতে সিনেমাটি মোট আয় করেছে ১৪৬.৪৩ কোটি রুপি। ৩ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৩৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৩০৮ কোটি ৯৬ লাখ টাকার বেশি।

‘টাইগার থ্রি’ সিনেমায় অতিথি চরিত্রে রয়েছেন শাহরুখ খান। সিনেমাটির অ্যাকশন দৃশ্যে সালমানের সঙ্গে হাজির হবেন শাহরুখ। তাদের অ্যাকশন দৃশ্যের জন্য প্রযোজক আদিত্য চোপড়া ৩৫ কোটি রুপি ব্যয় করেছেন।

টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ক্যাটারিনা কাইফ। ৩০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা পরিচালনা করেছেন মণীশ শর্মা।




আজীবন সম্মাননার অনুভূতি জানিয়ে যা বললেন চিত্রনায়িকা রোজিনা

দেশীয় চলচ্চিত্রে অবদানের জন্য সর্বোচ্চ পুরস্কার হচ্ছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। আজ (১৪ নভেম্বর) সন্ধ্যায় ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ বিজয়ীদের হাতে তুলেন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এতে আজীবন সম্মাননা পেয়েছেন চিত্রনায়িকা রওশন আরা রোজিনা। দেশীয় চলচ্চিত্রে অবদান রাখার জন্য তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

রোজিনা এ সম্মাননা প্রাপ্তির অনুভূতি জানিয়ে বলেন, ‘এমন সম্মান পেয়ে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে প্রথমেই শ্রদ্ধা জানাচ্ছি। তার জন্ম না হলে আমরা এই দেশ পেতাম না। তিনি দেশ স্বাধীন করেছেন বলেই আমি রাজবাড়ীর গোয়ালন্দের রেনু থেকে আপনাদের প্রিয় রোজিনা হয়েছি। এমন সম্মাননা পেয়ে আমি এই পর্যন্ত আসায় যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের সবাইকে স্মরণ করছি। তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে তাদের সবার প্রতি এ সম্মাননা উৎসর্গ করছি।

রোজিনা আরও বলেন, ‘আমাকে এই সম্মাননায় মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি।’

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন তথ্যসচিব মো. হুমায়ুন কবির খন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু।

 

এবার ‘হাওয়া’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য সুচিন্ত্য চৌধুরী (চঞ্চল চৌধুরী) শ্রেষ্ঠ অভিনেতা ও যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছে ‘বিউটি সার্কাস’র জন্য জয়া আহসান ও ‘শিমু’র জন্য রিকিতা নন্দিনী শিমু।

যুগ্মভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পেয়েছে মুহাম্মদ আব্দুর কাইউম প্রযোজিত চলচ্চিত্র ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও মো. তামজিদ উল আলম প্রযোজিত ‘পরাণ’।




সাইফকে কেন বিয়ে করেছিলেন কারিনা, জানা গেল আসল সত‍্য

২০১২ সালে গাঁটছড়া বেঁধেছিলেন বলিউডের অন‍্যতম সেরা জুটি সাইফ আলি খান এবং কারিনা কাপুর খান। যদিও তার আগে পাঁচ বছর লিভ ইন সম্পর্কে ছিলেন দু’জনে। কারিনার কথায় সেই সম্পর্কে বেশ ভালোই ছিলেন তারা। তবে বিয়ের সিদ্ধান্ত নিলেন কেন তারা? সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিয়ে নিয়ে গোপন কথা ফাঁস করেছেন বেবো।

ভারতীয় একটি সংবাদমাধ‍্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে কারিনা জানিয়েছেন সাইফ এবং তার বিয়ে করার কারণ ছিল সন্তান। তারা দু’জনে সন্তান নিতে চেয়েছিলেন। তাই মূলত সেই কারণেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া।

কারিনার কথায়, সাইফ আর আমি পাঁচ বছর একসঙ্গে ছিলাম। আমরা পরবর্তী সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ আমরা সন্তান চেয়েছিলাম।

২০১৬ সালে সাইফ এবং কারিনার প্রথম সন্তান তৈমুরের জন্ম হয়।

সাক্ষাত্‍কারে বেবো এও জানান তিনি এবং তার স্বামী সাইফ কীভাবে তাদের সন্তানদের বড় করে তুলছেন। কারিনা বলেন, তিনি তাঁর সন্তানদের যথেষ্ট সম্মান করেন। তাদের কথারও সমান গুরুত্ব দেন। তৈমুর এবং জেহর ওপর জোর করে কিছু চাপিয়ে দেন না বেবো।




সালমানের ‘টাইগার থ্রি’ সিনেমায় হৃতিক

সালমান খানের পরবর্তী সিনেমা ‘টাইগার থ্রি’। এ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। সিনেমাটির অ্যাকশন দৃশ্যে হাজির হবেন তারা। এজন্য আদিত্য চোপড়া ৩৫ কোটি রুপি ব্যয় করেছেন।

মণীশ শর্মা পরিচালিত ‘টাইগার থ্রি’ সিনেমা আগামী দিওয়ালিতে মুক্তি পাবে। এখন চলছে সর্বশেষ প্রস্তুতি। এবার জানা গেলো, শুধু শাহরুখ নন, সিনেমাটিতে অতিথি চরিত্রে দেখা যাবে হৃতিক রোশানকেও। বলিউড হাঙ্গামা এ খবর প্রকাশ করেছে।

একটি সূত্র বলিউড হাঙ্গামাকে বলেন, ‘গত ৪ নভেম্বর মুম্বাইয়ে যশরাজ স্টুডিওতে হৃতিকের দৃশ্যের শুটিং সম্পন্ন হয়েছে।’

বিস্তারিত জানিয়ে সূত্রটি বলেন, ‘‘গত ২৭ অক্টোবর ‘টাইগার থ্রি’ সিনেমার সেন্সরের কাজ শেষ হয়। পরে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস অতিরিক্ত দৃশ্যের অনুমোদন দেওয়ার জন্য সেন্সর বোর্ডকে অনুরোধ করে। গত ৬ নভেম্বর সেন্সর বোর্ড দৃশ্যটির অনুমোদন দেয়। এখন সিনেমাটির দৈর্ঘ্য ১৫৬ মিনিট। অর্থাৎ ২ ঘণ্টা ৩৬ মিনিট; যা আগে ছিল ২ ঘণ্টা ৩৩ মিনিট।’’

টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ক্যাটারিনা কাইফ।




মাকড়সার কামড়ে সংগীতশিল্পীর মৃত্যু

ব্রাজিলের জনপ্রিয় সংগীতশিল্পী ডার্লিন মোরাইস মারা গেছেন। কিন্তু তার স্বাভাবিক মৃত্যু হয়নি বলে জানা গেছে। মাকড়সার কামড়ে এ শিল্পী প্রাণ হারান।

গত ৬ নভেম্বর দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ সংগীতশিল্পী। মুত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর। ‘ডেইলি মেইল’-এর প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

ব্রাজিলের উত্তর-পূর্বে মিরানোর্ট সিটিতে বসবাস করতেন ডার্লিন। গত ৩১ অক্টোবর নিজের বাড়িতে ডার্লিনের মুখে মাকড়সা কামড় দেয়। এর এক সপ্তাহ পর তার অ্যালার্জির সমস্যা দেখা দেয়। পরে হাসপাতালে চিকিৎসকের শরনাপন্ন হন।

চিকিৎসা শেষে গত শুক্রবার হাসপাতাল থেকে ডার্লিন ছুটি নিয়ে বাড়িতে আসেন। এরপর আবারও অসুস্থ হয়ে পড়লে রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি সুস্থ হননি। ক্রমেই স্বাস্থ্যের অবনতি ঘটে।

এ প্রসঙ্গে ডার্লিনের স্ত্রী লিসবোয়া বলেন, ‘মাকড়সা কামড়ানোর পরপরই ক্লান্তবোধ করে ডার্লিন। তার মুখে কামড়ানোর স্থানটি কালো হয়ে যায়। পরে আমরা তাকে হাসপাতালে ভর্তি করাই।’

ডার্লিনের ১৮ বছর বয়সী সৎকন্যাকেও মাকড়সা কামড় দিয়েছে। তাকেও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

সংগীতশিল্পী ডার্লিন মাত্র ১৫ বছর বয়সে সংগীত ক্যারিয়ার শুরু করেন। ব্রাজিলের ঐতিহ্যবাহী গান পরিবেশন করে খুব অল্প সময়ের মধ্যে এ শিল্পী খ্যাতি লাভ করেন।

জাবুম্বা, অ্যাকর্ডিয়ন, মেটাল ট্রায়াঙ্গেল ইত্যাদি ব্যবহার করে তিনি সংগীত পরিবেশন করতেন ডার্লিন। তিনি মূলত তরুণ প্রজন্মের শ্রোতাদের মন জয় করেছিলেন।




‘মুজিব: একটি জাতির রূপকার’ প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রিমিয়ার প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১২ অক্টোবর) তিনি বাংলাদেশ ফিল্ম আর্কাইভে এই সিনেমার প্রিমিয়ার শো অনুষ্ঠানে যোগ দিয়ে উদ্বোধন ঘোষণা করেন।

এসময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, অভিনেত্রী দিলারা জামান, অভিনেতা আরিফিন শুভ, নুসরাত ফারিয়াসহ সরকারের পদস্থ কর্মকর্তা ও সিনেমার কলাকুশলী উপস্থিত ছিলেন।

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি আগামীকাল শুক্রবার (১৩ অক্টোবর) বাংলাদেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আর প্রতিবেশী দেশ ভারতে মুক্তি পাবে ২৭ অক্টোবর। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল।

সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আরিফিন শুভ। চলতি বছরের ১৯ মে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়। ৩১ জুলাই সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায়।




চলে গেলেন কবি আসাদ চৌধুরী

একুশে পদকপ্রাপ্ত কবি ও বীর মুক্তিযোদ্ধা আসাদ চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) কানাডার টরন্টোতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাংবাদিক, লেখক ও আল মাহমুদ পরিষদের সাধারণ সম্পাদক অ. আজম।

গত জুনে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সে সময় কানাডার টরেন্টোর মাইকেল গ্যারন হাসপাতালে ভর্তি করা হয়।

কবি আসাদ চৌধুরী বেশ কয়েক বছর ধরে কানাডায় ছেলে-মেয়ের সঙ্গে বাস করছিলেন। তিনি গত বছর নভেম্বর থেকে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন।

কবি আসাদ চৌধুরী ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ায় জন্মগ্রহণ করেন।

কবি আসাদ চৌধুরী বাংলাদেশের প্রধান কবিদের অন্যতম। তিনি তার আকর্ষণীয় বাচনভঙ্গী, টেলিভিশনে জনপ্রিয় সব অনুষ্ঠান পরিকল্পনা ও উপস্থাপনার জন্য পরিচিত।

এছাড়া তিনি তার ভরাট কণ্ঠে কবিতা আবৃত্তি করেও মানুষের মন জয় করেছেন। মৌলিক কবিতা ছাড়াও শিশুতোষ গ্রন্থ, ছড়া, জীবনী এবং অণুবাদকর্মে তার অবদান প্রণিধানযোগ্য। ১৯৮৩ সালে তার রচিত ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ শীর্ষক বিশেষভাবে উল্লেখযোগ্য গ্রন্থটি প্রকাশিত হয়। এছাড়া একই বছর তিনি সম্পাদনা করেন বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক গ্রন্থ ‘সংগ্রামী নায়ক বঙ্গবন্ধু।’




১ হাজার কোটির ঘরে শাহরুখের ‘জওয়ান’

বলিউড কিং খান শাহরুখের ‘জওয়ান’ আয়ের বহুপ্রতীক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছেছে। ‘পাঠান’সহ একাধিক সিনেমার রেকর্ড ভেঙে ‘জওয়ান’ সিনেমার আয় ছাড়ালো ১ হাজার কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার কোটি টাকা। পুরো বিশ্বের ব্যবসা মিলিয়ে অ্যাটলি পরিচালিত এ সিনেমা রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে-এ কথা বলাই যায়।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘জওয়ান’ নিয়ে উন্মাদনা যে কতটা, তা এখনো বোঝা যাচ্ছে যে কোনো প্রেক্ষাগৃহে গেলেই। কলকাতাসহ বিভিন্ন শহর, এমনকি মফস্বলের প্রেক্ষাগৃহগুলোতেও ছুটির দিনে টিকিট পাওয়া যাচ্ছে না বলা চলে।

এমন অনেকেই রয়েছেন, যারা একবার ‘জওয়ান’ দেখেছেন। দ্বিতীয় বা তৃতীয়বার এ সিনেমা দেখতে আসার দর্শকের সংখ্যাটাও কম নয়। আর তাদের কাঁধে ভর করেই ‘জওয়ান’ এ বিশাল ব্যবসার লক্ষ্যমাত্রায় পৌঁছেছে।

চলতি মাসের ৭ তারিখ বিশ্বজুড়ে মুক্তি পায় ‘জওয়ান’। প্রথম দিনেই ৭৫ কোটির ব্যবসা করে সিনেমাটি। প্রথম সপ্তাহের শেষে ৩৮৯ কোটি রুটি আয় করে এবং দ্বিতীয় সপ্তাহ শেষে সেই আয় পার করল ৫০০ কোটি রুপির গণ্ডি।

‘জওয়ান’ ভারতে মুক্তিপ্রাপ্ত সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমার বিচারে রয়েছে চতুর্থ স্থানে রয়েছে। এর আগে রয়েছে ‘পাঠান’, ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ ও ‘গদর-২’। সম্প্রতি এ তালিকায় থাকা ‘কেজিএফ-২’ সিনেমাকে পেছেনে ফেলেছে ‘জওয়ান’।

‘জওয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখলেন তামিল তারকা নয়নতারা। এই প্রথম বলিউড সিনেমা পরিচালনা করলেন দক্ষিণী চলচ্চিত্রের খাতিমান নির্মাতা অ্যাটলি।




রাজকে ডিভোর্স লেটার পাঠালেন পরীমণি

অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণির সংসার ভেঙে যাচ্ছে এমন গুঞ্জন মিডিয়ায় বেশ কয়েক মাস ধরে শোনা যাচ্ছে। এবার জানা গেছে, তাদের আসলেই বিচ্ছেদ হতে যাচ্ছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ১৭ সেপ্টেম্বর রাতে ডিভোর্স পেপারে সই করেছেন পরীমণি। ১৮ সেপ্টেম্বর পরীমণি রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন।

এ বিষয়ে বিস্তারিত জানতে রাজ ও পরীমণির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। নাম প্রকাশ না করার শর্তে রাজ-পরীমণির এক ঘনিষ্ঠ নির্মাতা বলেছেন, রাজ-পরীর পারিবারিক কলহ নিয়ে গতকাল (১৯ সেপ্টেম্বর) রাতে তারা কয়েজন শুভাকাঙ্ক্ষী নিয়ে আলোচনায় বসেন। এর মাঝেই দুজনার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে পরীর গায়ে হাত তোলেন রাজ।

আলোচিত শোবিজ দম্পতি রাজ-পরীর ২০২২ সালের ২১ জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পর ২২ জানুয়ারি রাতে জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তাদের সংসারে রয়েছে রাজ্য নামের এক ছেলে সন্তান রয়েছে।

 




কক্সবাজারের হোটেলে সায়ন্তিকার সঙ্গে চার ঘণ্টা কী করেছিলেন জায়েদ খান!

সম্প্রতি বাংলাদেশি সিনেমার শুটিং ছেড়ে কলকাতায় ফিরে গেছেন সেখানকার নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। এরপর অভিযোগ ওঠে, ঢালিউডের নৃত্যপরিচালক মাইকেল বাবু নাকি গানের শুটিংয়ের সময়ে তাকে বাজেভাবে স্পর্শ করেন। সে কারণে শুটিং শেষ না করেই সায়ন্তিকা কলকাতায় চলে গেছেন।

বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয় এবং নানা সমালোচনা হয়। তখন বিষয়টি নিয়ে কথা বলেন টালিউড নায়িকা সায়ন্তিকা। তিনি জানান, কলকাতা যাওয়ার পেছনে মাইকেল নয়, প্রযোজক মনিরুল ইসলাম দায়ী। কোনো পরিকল্পনা ছাড়াই সিনেমার শুটিং শুরু করেছেন প্রযোজক। বারবার বলার পরও টেকনিক্যাল সমস্যা সমাধান করতে পারেননি প্রযোজক।

সায়ন্তিকার এ মন্তব্য নিয়ে শুরু হয় ফের সমালোচনা। ফলে বিষয়টি নিয়ে সঙ্গে কথা বলেন প্রযোজক মনিরুল ইসলাম। রবিবার সংবাদমাধ্যমে তিনি সায়ন্তিকার অপেশাদার আচরণসহ অন্যান্য বিষয়ে কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘মাইকেলের নির্দেশনায় গানের শুটিংয়ের সময় ড্রেস পরিবর্তনের জন্য বেলা ২টায় হোটেলে যান নায়ক-নায়িকা। তারা ফিরে আসেন সন্ধ্যা ৬টায়। ড্রেস চেঞ্জ করার জন্য তাদের চার ঘণ্টা সময় লাগে—এমনটা দেখিনি কখনো।’

প্রযোজক আরও বলেন, ‘আবার যেদিন শুটিং প্যাকআপ করে পুরো ইউনিট নিয়ে চলে আসি, সেদিনও নায়ক-নায়িকা হোটেলে থেকে যান। ওই দিন সেখানে কী করছিলেন তারা? এ প্রশ্নের জবাব কী দেবেন তারা? কথাগুলো আমি সামনে আনতে চাইনি। কিন্তু এখন আর চুপ করে থাকতে পারলাম না।’

এ নিয়ে সংবাদপ্রকাশ হলে হইচই শুরু হয় নানা মহলে। এরপর হোটেলে নায়িকার সঙ্গে চার ঘণ্টা সময় কাটানো নিয়ে কথা বলেন নায়ক জায়েদ খান।

অভিনেতা বলেন, ‘সায়ন্তিকা যখন প্রথম পার্টের শুটিং শেষ করল তখন যাওয়ার আগে আমাকে ও পরিচালককে স্পষ্ট বলেছে, আমার ছেলেদের (ড্রেস, মেকআপ) টাকা দেয়ার কথা। তিন-চার দিন হলো তাদের টাকা দেয়া হচ্ছে না। প্রযোজক সামনে আসছে না। এই টাকা যদি রুমে না পাঠায় তাহলে আমি কিন্তু শুটিংয়ে আসব না। এটা বলে সায়ন্তিকা সবার সামনে থেকে চলে গেছে।’

জায়েদ খান আরও বলেন, ‘পরিচালক-প্রযোজক এই টাকা দিতেছি দিতেছি বলে দেরি করেছে। টাকা যখন হাতে পেয়েছে, সেটিও বাংলা টাকা, টাকা হিসাব করে বুঝিয়ে দেয়ার পর শুটিং এসেছে সায়ন্তিকা। ফলে দেরি হয়েছে। এছাড়া কিছুই না। টাকা হাতে পেতে কয়েক ঘণ্টা সময় লেগেছে, তাই দেরি হয়েছে।’

‘ছায়াবাজ’ সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধেছেন জায়েদ খান ও সায়ন্তিকা। এটি নির্মাণ করছেন তাজু কামরুল। সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ৩১ আগস্ট ঢাকায় আসেন কলকাতার নায়িকা সায়ন্তিকা। একটানা ১২ সেপ্টেম্বর পর্যন্ত শুটিংয়ের কথা থাকলেও বেশ কিছু সিকোয়েন্স ও একটি গানের শুটিংয়ের পর মাইকেলের বিরুদ্ধে অভিযোগ এনে গত ৭ সেপ্টেম্বর চলে যান সায়ন্তিকা।




রহস্য খোলাসা করে সুখবর দিলেন পরীমণি

গেলো ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় সোশ্যাল হ্যান্ডেলে একটি রহস্যজনক বার্তা দেন চিত্রনায়িকা পরীমণি। সেটা এরকম- ‘কালকের (১৭ সেপ্টেম্বর) দিনটা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি দিন! একটি… (স্বাক্ষরের ইমোজি)। আল্লাহ ভরসা।’

এমন বার্তা থেকে দুটো ভাবনার উদয় হয় নেটিজেনদের মনে। প্রথমটা ইতিবাচক, নতুন কোনও সিনেমায় হয়ত যুক্ত হচ্ছেন তিনি। সেটারই আগাম ইঙ্গিত দিলেন। আবার কেউ কেউ আশঙ্কা করছিলেন, ব্যক্তিগত জীবনে কোনও বড় সিদ্ধান্ত নিতে চললেন কিনা!

সোমবার (১৮ সেপ্টেম্বর) প্রথম প্রহরে রহস্য উন্মোচন করলেন পরী। না, আশঙ্কার বার্তা নয়, দিলেন সুখবরই। নতুন সিনেমায় যুক্ত হওয়ার খবর। যেটার নাম ‘ডোডোর গল্প’। নির্মাণ করছেন রেজা ঘটক। এর মাধ্যমেই মাতৃত্বকালীন দীর্ঘ বিরতি কাটিয়ে পুরোদমে সিনেমায় ফিরলেন নায়িকা।

সিনেমাটিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করবেন পরীমণি। এ নিয়ে তার ভাষ্য, ‘অনেক সুন্দর একটি গল্পে কাজ করতে যাচ্ছি। এই দিনটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। লাইট-ক্যামেরা-অ্যাকশন আমার নিঃশ্বাসের সঙ্গে মিশে আছে। এ অঙ্গনের মানুষেরা আমার আরেকটি পরিবার। সেটা ছাড়া দীর্ঘ দুটি বছর থাকতে হয়েছে। এ সময়টা আমার পরিবারকে ভীষণ মিস করেছি। অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। গল্পটির জন্য চার মাস সময় নিয়েছি, প্রস্তুত হয়েছি।’

২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া এই সিনেমায় প্রযোজক হিসেবে রয়েছে জি-সিরিজ। অক্টোবরের প্রথম সপ্তাহেই এর শুটিং শুরু হবে বলে জানালেন সংশ্লিষ্টরা। তবে পরীর সঙ্গে ছবিতে কাকে দেখা যাবে, সেটা এখনই খোলাসা করতে নারাজ তারা।

নির্মাতা রেজা ঘটক বলেন, ‘এতে একজন মায়ের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের কৃষিকে তুলে ধরতে চাই। সিনেমার মূল চরিত্র কাজল চৌধুরীর প্রায় বিশ বছরের একটি জার্নি দেখা যাবে। এতে ৮৭ জন শিল্পী কাজ করছেন এবং ২৫টির বেশি লোকেশনে এর দৃশ্য ধারণ হবে। আগামী ৫ অক্টোবর সিনেমাটির শুটিং শুরু হবে।’

সিনেমাটির প্রযোজক এবং জি সিরিজ-এর কর্ণধার নাজমুল হক ভূঁইয়া (খালেদ) বলেছেন, ‘চমৎকার গল্পের একটি সিনেমা। সরকারি অনুদানের পাশাপাশি আমরা প্রযোজনায় যুক্ত থাকতে পেরে আনন্দিত। আশা করছি দর্শক সুন্দর একটি ছবি পেতে যাচ্ছে।’




হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আফজাল হোসেন

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায়, রোববার (১০ সেপ্টেম্বর) হাসপাতাল থেকে বাসায় ফিরেন একুশে পদকপ্রাপ্ত এই নাট্যব্যক্তিত্ব।

এসব তথ্য জানিয়ে নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘আফজাল ভাই এখন পুরোপুরি সুস্থ। চিকিৎসকের পরামর্শে গত রোববার বাসায় ফিরেছেন। তাকে সপ্তাহখানেক বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।’

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় আফজাল হোসেনকে। এদিন রাতেই তার মাইল্ড হার্ট অ্যাটাক হয়। পরে তাকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। পরের দিন তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ শিরোনামে ওয়েব ফিল্ম নির্মাণ করছেন পরিচালক শিহাব শাহীন। এ সিনেমায় বাবার চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন, আর মেয়ের চরিত্রে রূপায়ন করছেন তাসনিয়া ফারিণ।

গত ৫ সেপ্টেম্বর এ সিনেমার শুটিং করার কথা ছিল আফজাল হোসেনের। কিন্তু তার অসুস্থতার কারণে বন্ধ রাখা হয় দৃশ্যধারণের কাজ। আজ থেকে ফের দৃশ্যধারণের কাজ শুরুর কথা রয়েছে।




৪ দিনে ৫০০ কোটি পার ‘জওয়ান’র

 প্রতিদিন শাহরুখ খানের ‘জওয়ান’ নতুন নতুন রেকর্ড করছে। কিং খান তাঁরই অভিনীত ব্লকবাস্টার ছবি ‘পাঠান’-কে পেছনে ফেলে দিয়েছেন। সারা বিশ্বের বক্স অফিসের নিরিখে ৪ দিনে ৫০০ কোটি ভারতীয় মুদ্রা আয় করে ‘জওয়ান’-এর সাফল্যের মুকুটে আরেকটি নতুন পালক যোগ হয়েছে।

৭ সেপ্টেম্বর অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ ছবিটি মুক্তি পায়। আর মুক্তির প্রথম দিন থেকে এই ছবি রীতিমতো ঝড় তুলেছে। ওপেনিং ডে-তে ৭৫ কোটির বেশি আয় করে নতুন রেকর্ড সৃষ্টি করেছিল ‘জওয়ান’। মুক্তির দ্বিতীয় দিন বক্স অফিসের নিরিখে একটু কম আয় করেছিল এই অ্যাকশন–ধর্মী ছবি। গত শুক্রবার ৫৩ কোটি আয় করে ‘জওয়ান’। শনি আর রোববার আবার দুনিয়াজুড়ে দাপট বেড়েছে ‘জওয়ান’–এর।

গত শনিবার বক্স অফিসের আয়ের অঙ্ক একলাফে অনেকটা বেড়ে গিয়েছিল। এদিন কিং খান আর নয়নতারা অভিনীত ছবিটি ৭৮ কোটি রুপির বেশি আয় করে। এই ঝড়ের দাপট এখনো অব্যাহত। বিভিন্ন ব্যবসায়িক রিপোর্ট অনুযায়ী, গতকাল রোববার কিং খানের এই ছবি সবচেয়ে বেশি আয় করেছে।

গতকাল শুধু ভারতে ছবিটি ৮০-৮২ কোটি রুপি আয় করেছে। কোনো বলিউড ছবি এই প্রথম এক দিনে এত বড় অঙ্কের আয়ের মুখ দেখল। শুধু হিন্দি সংস্করণে এই ছবির ব্যবসা ৭০ কোটির বেশি। এমনকি ‘পাঠান’ আর ‘গদার টু’ মুক্তির প্রথম রোববার ৬০ কোটির অঙ্ক পার করতে পারেনি। ‘জওয়ান’-এর দাপটের সামনে সব ব্লকবাস্টার ছবি এখন সরে গেছে।

গতকাল রোববার শুধু ভারতে ছবিটি ৮০-৮২ কোটি রুপি আয় করেছে
গতকাল রোববার শুধু ভারতে ছবিটি ৮০-৮২ কোটি রুপি আয় করেছেফেসবুক থেকে
এর আগে ২৫০ কোটির অঙ্ক সবচেয়ে দ্রুত পার করা ছবি হিসেবে শীর্ষে ছিল ‘পাঠান’। এরপর সানি দেওলের ‘গদার টু’ ৬ দিনে ২৫০ কোটির অঙ্ক পার করেছিল। শাহরুখের অনুরাগী শুধু দেশে নয়, সারা বিশ্বে ছড়িয়ে আছে। ‘পাঠান’-এর সময় সারা বিশ্বে উন্মাদনা দেখা গিয়েছিল। ‘জওয়ান’ ছবির ক্ষেত্রে একই উন্মাদনা ধরা পড়ছে। বাংলাদেশেও কিং খানের ‘জওয়ান’ সাড়া ফেলেছে। সব মিলে মুক্তির মাত্র ৩ দিনে এই ছবির আয়ের অঙ্ক ৩০০ কোটি পার করে ফেলেছিল। আর সারা দুনিয়ায় এই আয়ের অঙ্ক ছিল ৩৮৪ কোটির বেশি।

কিছু খ্যাতনামা বাণিজ্যবিশ্লেষক আগেই অনুমান করেছিলেন যে এই ছবি মুক্তির চার দিনে দেশ ও বিদেশ থেকে ৫০০ কোটির বেশি আয় করে ফেলবে। আর তাঁদের অনুমান যে সত্য, তা প্রমাণিত। বাণিজ্যবিশ্লেষক রমেশ বালা আজ সোমবার সকালে টুইট করে জানিয়েছেন যে ‘জওয়ান’ মাত্র ৪ দিনে সারা দুনিয়ায় ৫০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে।

‘জওয়ান’ মাত্র ৪ দিনে সারা দুনিয়ায় ৫০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে
‘জওয়ান’ মাত্র ৪ দিনে সারা দুনিয়ায় ৫০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছেফেসবুক থেকে
শাহরুখের এই ছবি বলিউডের ইতিহাসে সবচেয়ে দ্রুত ৫০০ কোটি আয়কারী ছবি হিসেবে শীর্ষে উঠে এসেছে।

বাণিজ্যবিশ্লেষক মনোবালা বিজয়বালন তাঁর টুইটার অ্যাকাউন্টে জানিয়েছেন যে ‘জওয়ান’ মাত্র ৪ দিনে ৫০০ কোটির ক্লাবের সদস্য হয়েছে। কোনো বলিউড ছবি হিসেবে এটা সবচেয়ে সেরা জয়। মনোবালা বিজয়বালন এই টুইটে আরও জানিয়েছেন যে শাহরুখ একমাত্র অভিনেতা, যাঁর একই বছরে দু–দুটি ছবি ৫০০ কোটি ক্লাবের সদস্য হলো। এখন দেখা যাক, কিং খানের সাফল্যের মুকুটে আরও কত পালক উঠে আসে।




শাহরুখের ‘জওয়ান’ সিনেমার টিকিট মূল্য ৩১০০ টাকা!

চার বছর পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরে ঝড় তুলেন বলিউড বাদশা শাহরুখ খান। তার পরবর্তী সিনেমা ‘জওয়ান’। আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে মুক্তি পায় অ্যাটলি পরিচালিত এ সিনেমার ট্রেইলার। ২ মিনিট ৪৫ সেকেন্ডে বহরূপী শাহরুখ ভক্তদের মনে ঝড় তুলেছেন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) থেকে ‘জওয়ান’ সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। চড়া দামে বিক্রি হচ্ছে টিকিট। তবু টিকিট সংগ্রহ করতে ভিড় করছেন শাহরুখ ভক্তরা।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভারতের জনপ্রিয় শহরগুলোর মধ্যে রয়েছে— মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আহমেদাবাদ, চণ্ডীগড়, চেন্নাই, পুণে, কলকাতা। এসব শহরের মধ্যে মুম্বাই ও দিল্লিতে ‘জওয়ান’ সিনেমার (২ডি হিন্দি ভার্সন) টিকিট সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। মুম্বাই-দিল্লিতে সিনেমাটির টিকিট মূল্য সর্বোচ্চ ২৩০০ এবং ২৪০০ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩১৮০ টাকা)।

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ জানিয়েছে, শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। বেলা ৩টা পর্যন্ত সিনেমাটি মুক্তির প্রথম দিনের ১ লাখ ১৮ হাজার টিকিট বিক্রি হয়েছে। এরই মধ্যে অগ্রিম ৪ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে। ধারণা করা হচ্ছে, আজ ২ লাখ টিকিট বিক্রি হবে।

‘জওয়ান’ সিনেমা পরিচালনা করছেন তামিল সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার। আগামী ৭ সেপ্টেম্বর হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

এ সিনেমায় শাহরুখের বিপরীতে আছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করেছেন— সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্রে রয়েছেন প্রিয়ামণি।




করতোয়া পাড়ে নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

দিনাজপুরে ঘোড়াঘাটের করতোয়া নদীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে ঢল নেমেছিলো মানুষের। ঐতিহ্যবাহী এ বাইচ দেখতে নদীর দুই পাড়ে জড়ো হয়েছিলো কয়েক হাজার মানুষ।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা অবধি করতোয়ার দুই পাড়ে ছিলো প্রাণচাঞ্চল্য ও উৎসবের আমেজ। উপজেলার কৃষ্ণরামপুর যুব সমাজের আয়োজনে কৃষ্ণরামপুর মাটিয়াল পাড়ার উপর দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীতে ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নদীর দু’পাড়ে নারী পুরুষ ও শিশুসহ হাজার হাজার দর্শক নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। এতে বিভিন্ন এলাকার ৬টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কুমারপুর গ্রামের ‘সূর্যের আলো’ এবং ‘চাঁদের আলো’ নৌকা খেলার ফাইনাল রাউন্ডে খেলে। তাতে ‘সূর্যের আলো’ নৌকা প্রথম স্থান অধিকার করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাফে-খন্দকার সাহানশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুলাকীপুর ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকার, সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন প্রমুখ।

নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজনকারীরা বলেন, এই নৌকাবাইচ গ্রাম-বাংলার পুরনো ঐতিহ্য, আজও আমরা ধরে রেখেছি। মানুষের মনে বিনোদন দিতে এবং খেলোয়াড়দের উৎসাহিত করতে প্রতি বছর বর্ষা মৌসুমে নৌকাবাইচ খেলার আয়োজন করে থাকি। খেলা শেষে বিজয়ীর প্রথম স্থান অধিকারী দলের হাতে একটি গরু ও দ্বিতীয় স্থান অধিকারী দলের হাতে একটি ছাগল উপহার তুলে দেয়েছি।